অন্যদৃষ্টি অনলাইন।।
ভর্তি দুর্নীতির জোর ধাক্কা। তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হল জয়া দত্তকে। যে ভাবে একের পর এক কলেজে তোলাবাজির অভিযোগ উঠেছে, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়া এবং তাঁদের অভিভাবকদের মধ্যে যে ভাবে ত্রাহি ত্রাহি রব উঠেছে, তাকে ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল। তাই জয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সন্ধ্যা নাগাদ খবর আসে যে, তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ পদ থেকে জয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। সভানেত্রীকে সরালেও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি ভাঙা হয়নি। কমিটিতে পরিবর্তন হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। আপাতত তৃণমূলের ছাত্র সংগঠনের শীর্ষ পদটিতে কেউ থাকছেন না। ১০ দিনের মধ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। তত দিন পর্যন্ত ছাত্র সংগঠনের কার্যকলাপ বিশদে খতিয়ে দেখবেন তৃণমূলনেত্রী নিজে।
ভর্তিকে কেন্দ্র করে বিপুল তোলাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছিল একের পর এক কলেজ থেকে। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও ছাত্র সংগঠনের ‘দাদা’দের টাকা না দিয়ে ভর্তি হওয়া যাচ্ছিল না।
You must be logged in to post a comment.