প্রদীপ কুমার দেবনাথ, রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আহাদকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ মে) সকালে নাসিরনগর-চাতলপাড়-অরুয়াইল সড়কের চাতলপাড় কলেজের সামনে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মী ,সমর্থক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহনে মানববন্ধন সকাল সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ হয়েছিল। অসংখ্য নারী – পুরুষ এতে অংশগ্রহণ করে।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান ইউপি সদস্য বিনয় রায়, সাবেক সদস্য ইউনুছ আলী, সংরক্ষিত ইউপি সদস্য নুরুন্নাহার ও আওয়ামী লীগ নেতা আসকর আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ২ এপ্রিল ওই ইউনিয়নের রতনপুর গ্রামের মাদ্রাসা ছাত্রী সায়েরা বেগমের রহস্যজনক মৃত্যুর শিকার হয় । এঘটনাকে হত্যাকান্ড বলে চেয়ারম্যান শেখ আব্দুল আহাদকে আসামী করা হয়। কিন্তু চেয়ারম্যান এ ঘটনার একদিন আগে ১লা এপ্রিল ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে এলাকা থেকে ঢাকায় চলে যান। তাই অবিলম্বে হয়রানিমূলক এ মামলা থেকে চেয়ারম্যান সাহেবকে অব্যাহতির দাবি উঠে আসে জনতার পক্ষ থেকে।
জনতার দাবি চেয়ারম্যান সাহেবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে অপদস্থ করতে এই মিথ্যা মামলাটি করা হয়েছে। তাই অবিলম্বে তারা এর প্রত্যাহার ও প্রকৃত অপরাধী সনাক্ত করে বিচারেরও দাবি করেন তারা।
You must be logged in to post a comment.