ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতার ওপর কাদের মির্জা অনুসারীদের হামলা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৯:১৮ অপরাহ্ন
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচির ব্যবসা প্রতিষ্ঠানে তার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের থানা সংলগ্ন জাহান ট্রেডার্সে এই হামলার ঘটনা ঘটে । পরে তাকে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত জানান, দুপুরের দিকে কচি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিল। ওই সময় পূর্ব পরিকল্পিত ভাবে কাদের মির্জার অনুসারী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মানিক তালুকদার, ফখরুল এবং পৌরসভা ৮নম্বর ওয়র্ডের শিপনের নেতৃত্বে তার দোকানে অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে কচি মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে যায়।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলেও ফোন ব্যস্ত পাওয়া যায়। কাদের মির্জার এক অনুসারী দাবি করে, এ সময় শিপন নামে তাদের এক কর্মী আহত হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, মির্জার দুই অনুসারী প্রথমে কচির দোকানে গিয়ে হামলা করে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি। তবে গুরুত্বর আহত কচিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ