ব্যক্তির দায় পুলিশ বিভাগ নেবে না : এসপি হাসানুজ্জামান

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৪৫ অপরাহ্ন
‘ব্যক্তির দায় পুলিশ বিভাগ নেবে না। অপরাধ করলেই তাকে শাস্তি পেতে হবে’....

ঝিনাইদহে অর্থ আত্মসাত ও নারী কেলেঙ্কারীতে ৪ পুলিশের শাস্তি

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।

অর্থ আত্মসাত ও নারী কেলেঙ্কারীর দায়ে কর্মকর্তাসহ ঝিনাইদহের ৪ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ফাঁড়ির সাবেক আইসি মাহফুজুল হককে ব্যাগ ভর্তি অর্থ আত্মসাতের দায়ে এসআই হতে এএসআই এবং নুরুন্নবীকে এএসআই হতে কনস্টেবল করা হয়েছে।

অন্যদিকে মহিলাসহ নগ্ন ছবি তুলে প্রতারণার দায়ে ঝিনাইদহ সদর থানার এএসআই মোঃ রাজু আহম্মেদ ও কনস্টেবল মুসা তারেককে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেছেন, ‘ব্যক্তির দায় পুলিশ বিভাগ নেবে না। অপরাধ করলেই তাকে শাস্তি পেতে হবে।’

তিনি বলেন, ‘শীঘ্রই তালিকাভুক্ত মাদকের গডফাদার, এজেন্ট, ডিলার আশ্রয়দাতাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামবে পুলিশ।’

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০১৭ সালের ২৬ নভেম্বর মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (আইসি) এসআই  মাহফুজুল হক, এএসআই নুরুনবী, কনস্টেবল  হোসেন আলী ও সোহল রানা চুয়াডাঙ্গা জেলা শহরের বাসিন্দা উয়াজির আলীর ১৬ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে তদন্তে মাঠে নামেন পুলিশ সিকিউরিটি সেলের (পিআইও) ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হোসেন মড়ল ও পরিদর্শক শহিদুল ইসলাম।

তদন্ত করে তারা ঘটনার সত্যতা পান। পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক ৪টি বিভাগীয় মামলা দায়ের করা হয়।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন এ সব বিভাগীয় মামলা তদন্ত করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহফুজুল হককে এসআই হতে এএসআই ও নুরুন্নবীকে এএসআই হতে কনস্টেবল করা হয়।

এদিকে গত ২৫ জানুয়ারী’১৯ শুক্রবার দুপুরে ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের মাস্টার রোলের কর্মচারি (এমএলএসএস) মোঃ আলমগীর হোসেনকে ব্ল্যাকমেইল করতে দু’জন অপরিচিত নারী ক্যাম্পাসে পাঠায় ঝিনাইদহ সদর থানার এএসআই মোঃ রাজু আহম্মেদ ও কনস্টেবল মুসা তারেক।

ঐ নারীরা ওয়াশ রুমে যাওয়ার সাথে সাথে পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে এসে হাজির হয় সদর থানার এএসআই মোঃ রাজু আহম্মেদ, কনস্টেবল মুসা তারেক এবং সদর থানার সিভিল টিমের মাইক্রোচালক তুষার আহম্মেদ।

তারা এসেই কলেজের নীচতলার ১০৫ নাম্বার রুমের পাশে এমএল এসএস (গার্ড) মোঃ আলমগীর হোসেনকে মারধর করে। জোর করে পরনের কাপড় খুলে দেয় এবং তাদের উলঙ্গ করে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আসা ঐ দুই নারীর সঙ্গে নগ্ন ছবি ধারণ করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম ঐদিনই তাকে ঘটনা তদন্ত করার নির্দেশ দেন।

তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে আসে।

গত ২৬শে জানুয়ারী’১৯ শৃঙ্খলা বহির্ভূত এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সদর থানার এএসআই মোঃ রাজু আহম্মেদ ও কনস্টেবল মুসা তারেককে চাকরি হতে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন পুলিশ সুপার।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ