স্টাফ রিপোর্টার।।
নিজের বিরুদ্ধে চলা সমালোচনাকে পাত্তা না দিয়েঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে তিনি যা বলেছেন বা বলছেন তা তার ব্যক্তিগত মতামত নয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানই জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, অরাজতকার অভিযোগ তুলে মাসখানেক আগে উদ্বেগ জানিয়েছিলেন বার্নিকাট। এসময় তার ওই উদ্বেগের সমালোচনা করেছিলেন সরকারের তিনমন্ত্রী। তারা বলেছিলেন, মার্সিয়ার এই বক্তব্য ব্যক্তিগত। তবে মার্সিয়া জানালেন, তার ওই বক্তব্য রাষ্ট্রেরই বক্তব্য।
সিইসির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে বার্নিকাট সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নো। দায়িত্ব পালনকালে আমার ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করার সুযোগ নেই। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যা বলেছি তা আমার রাষ্ট্রেরই বক্তব্য।’
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তার করা বক্তব্যের সমালোচনা করেছে কমিশন— বিষয়টি নজরে আনলে বার্নিকাট বলেন, ‘এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। যেকোনো আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য, সেটা সুষ্ঠুভাবে চলতে দেয়া উচিত।’
বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই কমিশনের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে বলে আমি আশা করি।’
এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, ‘আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনসহ বাংলাদেশের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্র চায়। এই জন্য আমরা সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করি।’
এর আগে বিকাল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সেখানে বিকাল ৫টা পর্যন্ত তিনি বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন সচিব হেলালুদ্দীন আহমেদ।
You must be logged in to post a comment.