জাকির হোসেন, বেনাপোল, যশোর।।
মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে।
সোমবার (৮ অক্টোবর) বেনাপোল পোর্ট থানার বারোপোতা মাদরাসা মাঠে বেনাপোল পোর্ট থানার আয়োজনে পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার সরদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল সবুর, বেনাপোল পোর্ট থানা ওসি (তদন্ত) আলমগীর হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, পুটখালী ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য আঞ্জুমানারা, সালেহা বেগম, এলাকার সুধীজন ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আমি আমার দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। তাই আমি চাই না এ থানার অভিভাবক হিসাবে এ পথে মাদক ব্যবসা হোক। আমি চাই না আমাদের উঠতি বয়সের ছেলেরা মাদকের আগ্রাসনে নিঃশেষ হয়ে অকালে ঝরে যাক। এর জন্য পুলিশের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি সচেতন অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। আজ মাদকের ছোবলে অনেক সন্তান সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। অভিভাবকদের কথা শুনছে না।
মাদকের টাকা যোগাড় করতে না পারলে স্ত্রী, বাবা, মাকে মারধর এমনকি খুনের মতো ঘটনাও ঘটাচ্ছে। তাই আমরা সকলে মিলে মাদক প্রতিরোধ করব।
এ সীমান্ত দিয়ে যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কোনো মাদক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
You must be logged in to post a comment.