এম.হক, সদর, যশোর।।
যশোরের বাঘারপাড়া থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালতে। পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালতে হাজির হয়ে নেতাকর্মীরা জামিনের আবেদন করলে সোমবার যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা জানান, বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌরমেয়র আব্দুল হাই মনা, থানা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান, থানা যুবদলের সভাপতি আনিসুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৪ জুন বাঘারপাড়া থানায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলায় এর আগে বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে গতকাল জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে
বিচারক আগামী ১৯ আগস্ট জামিনের ওপর শুনানির দিন ধার্য করেন। জামিন আবেদন নাকচের পর গতকালই তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি.এস আইয়ূব বলেন, বাঘারপাড়া থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিচ্ছে। যেসব মামলার কোনো ভিত্তি নেই। পুলিশের দায়ের করা মামলায় নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফিরে আসার সাথে সাথে আবার মিথ্যা মামলার জালে আটকে ফেলা হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি সরকার দলীয় এক নেতা খুনের ঘটনায় বাঘারপাড়া যুবলীগ নেতাকর্মীদের অবরোধের ঘটনায় থানা পুলিশ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সামনে আন্দোলনকে দমন করতেই পুলিশ এ ধরনের নোংরা খেলা শুরু করেছে।
You must be logged in to post a comment.