বাগেরহাট উপজেলা নির্বাচন : আবু তাহের একক প্রার্থী নির্বাচিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:২০ পূর্বাহ্ন
বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার সর্বোচ্চ ১৫৫ ভোট পেয়ে একক প্রার্থী নির্বাচিত.....

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে ছিল নানান গুঞ্জন আলোচনা-সমালোচনা। তারই ধারাবাহিকতায় মংলা উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ছিল বেশ উৎসাহ-উদ্দীপনা।

২রা ফেব্রুয়ারী’১৯ শনিবার উপজেলার ইউনিয়ন ও পৌর কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নের জন্য বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শনিবার সকালে মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের হলরুমে এক বিশেষ সভায় অনুষ্ঠিত হয় এই কাউন্সিলরদের যোগ্যপ্রার্থী বাছাইয়ের ভোট।

পরে মংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের কোষাধ্য মোঃ সেলিম উদ্দিন।

সভা শুরুতে মংলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে ৬ প্রার্থী আবেদন করেন এবং এই ৬ জনের নাম ঘোষণা করা হয়। এরা হলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও মোস্তফা ইজারাদার।

সভার প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আবদুল খালেক দলীয় মনোনয়নপ্রত্যাশী ৬ জনকে এক সাথে বসে সমঝোতার ভিত্তিত্তে একক প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নেয়ার জন্য ২০ মিনিট সময় দেন।

এরপর সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ও মোস্তফা ইজারাদার ভোট হতে সরে দাড়ান এবং তারা তাদের মনোনয়ন পাওয়ার আবেদন প্রত্যাহারের ঘোষণা দেন।

৩ মনোনয়ন প্রার্থী আবু তাহের হাওলাদার, কামরুজ্জামান জসিম ও ইকবাল হোসেনের মধ্যে কাউন্সিলরদের সমর্থন নিতে ভোটগ্রহণ শুরু হয়।

এ সময় ১৯১ জন ভোটারের মধ্যে ১৭৪ জন কাউন্সিলররা ভোট দেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার সর্বোচ্চ ১৫৫ ভোট, কামরুজ্জামান জসিম ৭ ভোট আর ইকবাল হোসেন ২ ভোট পান এবং ১৭টি ভোট বাতিল হয়।

খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক তার বক্তৃতায় বলেন, ‘আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আর তাই তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে। কাউন্সিলরদের ভোটের ফলাফলসহ তিন মনোনয়ন প্রত্যার্শীর নাম জেলা কমিটির নিকট প্রেরণ করা হবে।’

তারা সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে প্রেরণ করবেন বলে জানিয়েছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিশেষ সভায় আওয়ামীলীগের উপজেলা ও পৌর কমিটির সকল নেতাকর্মী ও ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ