স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আমৃত্যু লড়াই করা নারী আন্দোলনের অক্লান্ত যোদ্ধা মানবাধিকার আন্দোলনের অগ্রণী নেত্রী বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম গত ২ জানুয়ারি ২০২১ প্রয়াত হয়েছেন।
তাঁর প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ১৮ জানুয়ারি ২০২১ সোমবার বিকাল৩.৩০ টায় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করে। সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনার সঞ্চালনায় ও জেলা সভানেত্রী শোভা রানী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত সভাপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সংগঠনের পক্ষে সদস্য নবনীতা রায় বর্মণ “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে -“এই রবীন্দ্রসংগীত পরিবেশন করে শ্রদ্ধা জানান। প্রথমেই প্রয়াত সভাপতি আয়শা খানমের জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনা। স্মরণসভায় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা নন্দিতা গুহ, প্রাক্তন সাধারন সম্পাদক নেলী আক্তার, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,সিপিবি সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা প্রদ্যোৎ নাগ, মহিলা পরিষদের প্যানেল আইনজীবী ও তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব এডভোকেট নাসির মিয়া,ঐক্য ন্যাপ সভাপতি প্রবীর দেব, জাসদ নেতা জিয়া কারদার নিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন নেতা সাহেদ এবং ছাত্র মৈত্রী নেতা ফাহিম মুনতাসির। তাঁরা সকলেই তাদের আলোচনায় আয়শা খানমের কর্মময় সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন স্কুল জীবন থেকে আমৃত্যু মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের অগ্রসেনানী আয়শা খানম তাঁর বলিষ্ট নেতৃত্ব দিয়ে নারী আন্দোলনকে বিকশিত করতে গিয়ে নিজেকে একটা প্রতিষ্ঠানে পরিণত করেছেন তাই আজ আয়শা খানম কোন ব্যাক্তি নয় একটা আন্দোলনের নাম। আয়শা খানম একটা বিপ্লবের নাম। ব্যাক্তিস্বার্থ বিসর্জন দিয়ে সামষ্টিক মানুষের ক্ষমতায়নের আন্দোলনকে অগ্রসর করতে তিনি যে ভূমিকা রেখেছেন তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কারন আয়শা খানমদের মতো মানুষের মৃত্যু হয় না। তিনি বেঁচে থাকবেন তারঁ কর্ম ও আদর্শের মাঝে। তারঁ আদর্শ অনুসরণ করে তাঁর অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
স্মরণসভায় মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কর্মী সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.