কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিট এই কর্মসূচির আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর হামলা ও ভাঙচুর অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। কালিগঞ্জ ও শ্যামনগরের মাটি আওয়ামী লীগের উর্বর ভূমি।
এই মাটিতে স্বাধীনতা বিরোধী চক্র যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড যে কর্মসূচির আয়োজন করেছে তার প্রশংসা জানিয়ে তিনি বলেন, কালিগঞ্জ ও শ্যামনগরের মাটিতে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের কোন আস্তানা থাকবে না। বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্যের উপর যাতে কেউ হামলা না করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজলসহ বীরমুক্তিযোদ্ধা, সন্তান কমান্ড ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মহান বিজয় দিবস ও জাতীয় দিবস সরকারি নির্দেশনা মেনে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.