ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে শিশুসহ নিহত ২

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ৭:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের চোখের সামনে জায়েদ (৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় সিএনজি চালক শম্ভুগঞ্জের সিরাজ নামে আরেকজন ময়মনসিংহ হাসপাতলে মারা যান।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় জায়েদের মা কাজল (২৫) ও ছোট বোন মুন্নী (৪), ফুফু তামান্না (২৫), দাদী বেগম (৪৫), দাদা আবুল হোসেন (৫০)সহ একই পরিবারের ৫জন আহত হন। ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মোদকপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুর থেকে ঢাকাগামী একটি পরিবহণ বাস ও ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি সিএনজির সাথে ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মোদকপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জায়েদ নামে এক শিশু নিহত হয় ও তার মা কাজল, ছোট বোন মুন্নী, ফুফু তামান্না ও দাদী বেগমসহ মোট ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত তামান্না (২৫), বেগম (৪৫), আবুল হোসেন (৫০) ও অজ্ঞাত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে সিএনজি চালক সিরাজ মারা যান।

নিহত জায়েদ শেরপুর কালিবাড়ি টেংগুরিয়া মাদরাসার নূরানী ক্লাসের ছাত্র ও প্রাইভেট কার চালক আব্দুল মালেকের পুত্র। ইমাদপুরে কয়েকটি দুর্ঘটনা সংঘটিত হওয়ায় স্থানীয় লোকজন স্পীড ব্রেকারের দাবিতে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে। পরে ফুলপুর প্রশাসন স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ পরিবহণ বাস ও সিএনজিটি জব্দ করেছে। ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ও ওসি ইমারত হোসেন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদের হাসপাতালে দেখতে যান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ