সরিষাবাড়ীতে অবৈধ বিদ্যুৎ মিটার জব্দ: আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন

প্রভাব খাটিয়ে অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহার করছিলেন ৮ বছর ধরে। অবশেষে কর্তৃপক্ষের নজরে পড়ায় শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ নেতার। মিটার জব্দসহ বিদ্যুৎ চুরির মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি মো. বদিউজ্জামাল উজ্জল। তিনি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর।

স্থানীয় ও পিডিবি সূত্র জানায়, সামর্থবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বদিউজ্জামান উজ্জল প্রায় ৮ বছর ধরে তার বাড়িতে বাবার নামে নেওয়া বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি আরেকটি অবৈধ সংযোগ স্থাপন করেন। দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও দলীয় পদ ও পৌর কাউন্সিলর থাকার প্রভাবে পার পেয়ে যান। স¤প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নজরে আসে। রবিবার (৯ মার্চ) দুপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান অভিযান চালিয়ে বদিউজ্জামান উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পরদিন সোমবার জামালপুর বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩২ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ৩ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান উজ্জলের বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি পলাতক থাকায় পাওয়া যায়নি। মুঠোফোনে কল করলেও বন্ধ পাওয়া যায়।

পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে বিভিন্নস্থানে অভিযান এবং অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ চুরি রোধ ও রাজস্ব আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ