ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১০ বছরের শিশুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।শুক্রবার রাতে ধর্ষণের মামলাটি করেন হাফিজার রহমান। এ মামলায় রাতেই অভিযুক্ত শিশু আব্বাস আলীকে আটক করেছে পুলিশ। এ ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের হাফিজার শেখের ৬ বছরের শিশু কন্যাকে গত কয়েকদিন আগে একই গ্রামের ওলিয়ার শেখের ১০ বছরের পুত্র আব্বাস শেখ ধর্ষণ করে। এ ঘটনার দুইদিন পর শুক্রবার রাতে ধর্ষণের মামলা হয়।অভিযুক্ত শিশুটির পিতা ওলিয়ার শেখ জানান, তার শিশু পুত্রটি একটি মাদ্রাসায় পড়ে। ঈদের ছুটিতে সে বাড়ি আসে। তিনি বলেন, হাফিজার শেখের সাথে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এরই প্রতিশোধ নিতে তারা আমার মাদ্রাসা পড়ুয়া ছেলেটির নামে মামলা করেছে।তিনি আরো বলেন, আমার ছেলে ও মেয়েটিসহ কয়েকজন একটি বাগানে খেলা করছিল। হঠাৎ মেয়েটি গাছ থেকে পড়ে গিয়ে যৌনাঙ্গে আঘাত পায়। এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই মিথ্যা ধর্ষণ মামলা করা হয়েছে।
ময়না ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ রাশেদ মোল্যা জানান, মেয়েটি তার পরিবারের কাছে ঘটনাটি জানালে তারা থানায় মামলা করে।বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, মেয়েটি এখনো চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে। তবে উভয়েই শিশু হওয়ায় ঘটনাটি বিশেষ সতর্কতার সাথে দেখা হচ্ছে।
You must be logged in to post a comment.