পড়াশোনা ও রাষ্ট্রনায়ক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৬ জুলাই, ২০১৮, ১০:০৭ পূর্বাহ্ন

সবুজ হাসান।।

বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন পৃথিবীর প্রভাবশালী রাজনৈতিক দম্পতি। তাদের একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন। মি. বিলের টানা দুই মেয়াদে (১৯৯৩-২০০০) প্রেসিডেন্ট থাকার সুবাদে চেলসির শৈশব-কৈশোরের বড় একটা অংশ কেটেছে হোয়াইট হাউজে। স্মার্ট, প্রাণবন্ত ও জনপ্রিয় প্রেসিডেন্টের একমাত্র মেয়ে হিসেবে ক্যামেরার ফোকাস সবসময় চেলসির উপড় তাক করা থাকতো। সচেতন ক্লিনটন দম্পতি অনুধাবন করেছিলেন সুস্থ, স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য ‘লাইমলাইট বা ‘গ্ল্যামার’ নয়, চেলসির এই সময় বাবা-মার ঘনিষ্ঠ সান্নিধ্য দরকার। দরকার নিবিড় পরিচর্যার। সেজন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চেলসিকে সকল প্রকার গণমাধ্যম থেকে দূরে রাখা হতো।
.
মাধ্যমিক পর্যায়ে পড়াকালীন বাসায় কোন হাউজ টিউটর রাখা হতো না। বিল ও হিলারি এই দুজন মিলে চেলসিকে পড়াতেন। বিল ক্লিনটন চেলসির মাধ্যমিক পর্যায়ের বীজগণিতের সমাধান করে দিতেন। এই পড়ানো অব্যাহত থাকতো রাষ্ট্রীয় কাজে দেশ বা বিদেশে সফরের সময়ও। ফোনে বা ফ্যাক্সে চেলসির সমস্যাগুলোর সমাধান করে দিতেন বিল ক্লিনটন। এব্যাপারে হিলারি তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘লিভিং হিস্ট্রি’তে লিখেছেন,
“দেশের বিভিন্নকাজে আমরা যতই ব্যস্ত থাকি না কেন বিল ও আমি চেলসির বাবা-মা হিসেবে তার প্রতি বাধ্যবাধকতাকে আমরা কখনই ভুলে যাইনি। আমরা তার স্কুলের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকতাম, এবং হোমওয়ার্ক করা শেষ না হওয়া পর্যন্ত তার সাথে জেগে থাকতাম। বিল চেলসির অষ্টম শ্রেণীর অ্যালজেব্রা করতে সাহায্য করতো, এবং বিল যখন শহরের বাইরে থাকতো তখন চেলসি তার সমস্যাগুলো ফ্যাক্স করে দিত এবং তারা ফোনে সমাধানগুলো নিয়ে কথা বলতো।”
.
ফেসবুকে একটি ছবি অনেকেই দেখে থাকবেন-বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোগান গভীর মনোযোগের সাথে একটি ছোট ছেলেকে পড়াচ্ছেন। ইন্টারনেট থেকে পাওয়া ছবির সূত্রমতে ছেলেটি তার নাতি। তিনি প্রায় প্রতিদিনই নিয়ম করে নাতিকে নিজে পড়িয়ে থাকেন। বিশ্বের বড় দুই নেতার দেশ পরিচালনার মত গুরু দায়িত্ব কাঁধে থাকার পরও সময় করে ছেলেমেয়ের পিছনে সময় দেওয়ার ব্যাপারটা দারুণ শিক্ষণীয় বিষয়। ইচ্ছা করলে আমরাও পারি আমাদের ব্যস্ততার মধ্যে থেকেও একটু সময় ছোট ভাই-বোন, ছেলেমেয়েদের সান্নিধ্যে কাটাতে।
.
(এই পোস্টটি একবার “বেশতো”তে পোস্ট করেছিলাম। তুরস্কের নির্বাচনে এরদোগানের বিজয় উপলক্ষে আবার পোস্ট করলাম।)

 

শুক্রবার স্পেশাল-০৬/০৭/২০১৮ইং

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ