আবদুল মান্নান, স্টাফ রিপোর্টার ।।
কক্সবাজারের পেকুয়ায় ১৩টি চোরাই গর্জন গাছ ভর্তি একটি মিনি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। রোববার (২১অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টইটং – বাঁশখালী সীমান্ত ব্রিজ এলাকা থেকে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লার নেতৃত্বে একদল বনরক্ষী অভিযান চালিয়ে এসব চোরাই গাছসহ গাড়ীটি জব্দ করেন।
স্থানীয়রা জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের পুঁইছড়ি রেঞ্জের আওতাধীন বনভূমি থেকে বেশ কিছুদিন ধরে গাছ কেটে পাচার করে আসছিল কয়েকটি গাছ চোর চক্র। এসব চোরাই গাছ টইটং বটতলী সড়ক দিয়ে পরিবহণ করে আসছিল তারা।বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বনরক্ষীরা এ সড়কে টহল জোরদার করেন।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, সংরক্ষিত বনের গাছ পাচারের খবর গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়। এসময় ১৩টি গর্জন ভর্তি একটি মিনি ট্রাক আটক করা হয়। গাছ ও গাড়ি বণ বিভাগে জব্দ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
You must be logged in to post a comment.