এস এইচ, পাবনা প্রতিনিধি।।
ঈশ্বরদীর মুলাডুলি (মাঝগ্রাম-পাবনা রেললাইন) এর পাশ থেকে মেহেদী হাসান সুমন (১৭) নামের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের হাতের কবজি কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বাঘহাসলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেললাইনের ওপর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার আইনাল হক মাস্টারের ছেলে।
সোমবার (২৫ মার্চ) সকালে রেললাইনের ঢালে মহিষ চরানো রাখালদের বরাত দিয়ে এলাকাবাসী জানান, রেললাইনের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয় রাখালরা।
ঘটনাস্থলে গিয়ে লাশটি সুমনের বলে শনাক্ত করেন তার স্বজনরা। ডান হাতের কবজি কাটা ও ডান কানের নিচে ধারালো সরু অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এই হত্যার ঘটনাকে রেললাইনে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টায় লাশটি রেললাইনের ওপর রাতের কোনো একসময় হত্যাকারীরা ফেলে রেখে গেছে বলেও ধারনা করা হচ্ছে।
সোমবার এই রেল রুটে পাবনা এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক ছুটির কারনে চলাচল না করায় হত্যাকারীদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
নিহতের স্বজনরা জানান, গতকাল রোববার (২৪ মার্চ) রাত থেকে সুমন নিখোঁজ ছিল। আজ সকালে লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে সুমনের লাশ দেখে সনাক্ত করেন তারা।
তবে কি কারণে এবং কারা সুমনকে হত্যা করেছে তা এখনো তাদের বোধগম্য নয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
নিহত সুমনের একাধিক নিকট আত্মীয়রা জানান, সম্প্রতি সুমনের নিকট থেকে তার পরিবারের লোকজন মোবাইল ফোন কেড়ে নিয়েছেন। প্রেমঘটিত কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, হত্যার আসল কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত হলেই হত্যার আসল কারণ জানা যাবে। তবে পারিবারিকভাবে নিহত সুমনের পরিবারের সঙ্গে কারও পূর্বশত্রুতা থাকার খবর আমার জানা নেই।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারকী জানান, রেললাইনের ওপর লাশটি পাওয়া গেছে। তাই বিষয়টি রেলওয়ে থানার নিয়ন্ত্রণে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত জানান, সীমানাটা ঈশ্বরদী থানার মধ্যে। তবে এটা রেলওয়ের থানার সীমানানুসারে সিরাজগঞ্জ রেলওয়ে থানার নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা থেকে পুলিশ আসলেই লাশটি পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য হস্তান্তর করা হবে বলেও জানান ওসি ।
You must be logged in to post a comment.