পাবনার কাশীনাথপুরে অটোরিক্সা মালিক সমিতির দু’গ্রুপ মুখোমুখি সংঘর্ষের আশংকা 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ মে, ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি।।

সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতি এবং পাবনা জেলা সিএনজি চালিত অটোরিক্সা ও মিশুক মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে উত্তেজনা চলছে। দু’গ্রুপের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। সিএনজি মালিক সমবায় সমিতিকে অবৈধ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায় ও চালকদের মারধর করার অভিযোগ করেছে অপর গ্রুপ।

পাবনা জেলা সিএনজি চালিত অটোরিক্সা ও মিশুক মালিক সমিতির সেক্রেটারি নাজমুল বাশার বাবু জানান, তাদের সংগঠন এরই মধ্যে রাজশাহীর বিভাগীয় শ্রম দপ্তর এর রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন থেকে নিবন্ধিত হয়েছে। তিনি বলেন, বৃহত্তর কাশীনাথপুর এলাকার অধিকাংশ অটোরিক্সা মালিক তাদের সংগঠনভূক্ত। কিন্তু তারা কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতি নামের একটি অবৈধ সমিতির আগ্রাসনের কবলে পড়েছেন। ওই সংগঠনের নেতৃবৃন্দ অটোরিক্সা চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে চলেছেন। চাঁদা না দিলে তাদের নির্যাতনের শিকার হতে হয়। বৃহস্পতিবার(২ মে) সকালে আ: আলিম, রোসন, রঞ্জুসহ কয়েকজন চালক মারধোর ও লাঞ্ছনার শিকার হয়েছেন। অনেক মালিক ও চালককে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান।

সিএনজি চালিত অটোরিক্সা ও মিশুক মালিক সমিতির সেক্রেটারি আরও জানান, ট্রেড ইউনিয়নভূক্ত তাদের সংগঠনই বৈধ। অপর সংগঠনটি লাইসেন্সবিহীন একটি অবৈধ সংগঠন। অথচ প্রশাসনের নাকের ডগায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এদের প্রতিহত না করায় সাধারন চালকরা প্রতিদিনই আর্থিক ক্ষতি, হয়রানি ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। এতে তারা ক্ষুদ্ধ হয়ে উঠছেন। এতে করে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতির সেক্রেটারি আব্দুল হান্নান জাহিদ জানান, তাদের সংগঠনেরও বৈধতা রয়েছে। তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ তিনি অস্বীকার করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম দু’গ্রুপের মধ্যকার উত্তেজনার কথা স্বীকার করে জানান, তিনি উভয় গ্রুপকে আইন মেনে চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলেছেন।  তিনি আরও জানান, পাবনা জেলা সিএনজি চালিত অটোরিক্সা ও মিশুক মালিক সমিতি ট্রেড ইউনিয়নভূক্ত হয়েছে। তবে আরেক গ্রুপ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, কোন গ্রুপ সমিতির নামে জোর করে চাঁদা আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ