অন্যদৃষ্টি অনলাইন।।
প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা কেন্দ্রে এক কিশোরী সন্তান প্রসব করেছে।
রোববার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। রাতে বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরীকে ধর্ষণের অভিযোগে নেজাম উদ্দিন নামে এক যুবককে পুলিশ আটক করেছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিবেশী মফজল আহমদের ছেলে নেজাম উদ্দিন, উলা মিয়ার ছেলে মান্নান, আজিজ আহমদের ছেলে মিনার ওরফে সোনা মিয়া বিভিন্ন সময় মেয়েটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এরই একপর্যায়ে ১৩ বছর বয়সি এ ছাত্রী গর্ভবতী হয়ে পড়ে। ভয়ে সে পরিবারের সদস্যদেরও ধর্ষণের বিষয়টি জানায়নি। তাই পরিবারের সদস্যরা গর্ভবতী হওয়ার বিষয়টি বুঝতে পারেননি। রোববার পিইসি পরীক্ষা দিতে গেলে অসুস্থতাবোধ করে এবং ব্যথায় চিৎকার করে ওঠে। বিষয়টি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষিকার চোখে পড়লে অন্যান্য শিক্ষিকার সহায়তায় ভিন্ন একটি কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে। পরে ওই কক্ষে একটি কন্যাসন্তান জন্ম দেয় সে। নবজাতকসহ ছাত্রীকে পরে বাঁশখালী উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে এ ঘটনা জানাজানি হলে কিশোরীর সহপাঠীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে। রাত ৮টায় বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘ধর্ষণের অভিযোগে নেজাম উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়নি।
You must be logged in to post a comment.