মাগুরা-১ আসনে কে হবেন নৌকার মাঝি?

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮, ২:১৩ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে তৎপর ক্ষমতাশীল আওয়ামীলীগ,বিরোধী দল বিএনপি,জাতীয় পার্টি,জাসদ,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং শরিকদলগুলো।

আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তফসিল ঘোষনা এবং ৩০ ডিসেম্বর ভোট গ্রহনের আভাস দিয়েছেন নির্বাচন কমিশন।তাই দলের মনোনয়ন প্রাপ্তিতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা।আগামী নভেম্বর মাসেই জানা যাবে কে হবেন মাগুরা-১ আসনে নৌকার মাঝি?

মাগুরার সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা।চায়ের দোকান,পাবলিক পরিবহন,কফি আড্ডায় সকল স্হানে একই আলাপচারিতা কে হবেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার মাঝি?অবশ্যয় যে যার পছন্দের প্রার্থীকে প্রার্থীতার বিষয়ে এগিয়ে রাখছেন।

মাগুরা সদরের ১৩ টি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে মাগুরা-১ (সংসদীয় আসন-৯১)।আসনটি ক্ষমতাসীন আওয়ামীলীগের দখলে রয়েছে।১৯৯৬ থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচন পর্যন্ত ৪ বার এই আসন থেকে নির্বাচিত হন প্রফেসর ডাঃ সিরাজুল আকবর।২০১৫ সালের ৯ মার্চ ডাঃ সিরাজুল আকরব মৃত্যুবরণ করলে আসনটি শূণ্য হয়।তাঁর মৃত্যুর পর উপ-নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) এ টি এম আবদুল ওয়াহহাব।

আওয়ামীলীগের পাশাপাশি আসন পূণউদ্ধারে মরিয়া বিএনপি।বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা মাঠে তৎপর না হলেও গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মাগুরা-১ আসন থেকে অাওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন,বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এ টি এম আবদুল ওয়াহহাব,প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর,কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা পঙ্কজ কুমার সাহা,শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি) এবং মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু।তবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জনজরিপে জনপ্রিয়তার বিচারেই এবার মনোনয়ন নিশ্চিত করা হবে।

বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন না যাওয়ার কথা বললেও জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ফলে নির্বাচনে আসার বিষয়টা অনেকটা নিশ্চিত।

তবে বিএনপি বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রায় হাফ ডজন নেতাকর্মি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশায় তৎপর রয়েছেন।এর মধ্যে উল্লেখযোগ্য হলেন,মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি,দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা কবির মুরাদ,সাবেক মাগুরা পৌরসভা মেয়র,২০০৮ সালে সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী ও বর্তমান মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক ইকবাল আকতার খাঁন কাফুর,মাগুরা জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব কিশোর,মাগুরা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও মাগুরা জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন খাঁন এবং মাগুরা জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক,শ্রীপুর উপজেলা বিএনপি একাংশের সভাপতি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো।

এছাড়া জাতীয় পার্টি থেকে মাগুরা জেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা এ্যাড. হাসান সিরাজ সুজা একক প্রার্থী।

মাগুরা-১ আসন থেকে মাগুরা জেলা জাসদের সভাপতি এটিএম মহব্বত আলী নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন।

মাগুরা-১ আসন থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনায় পীর সাহেব) থেকে মাওঃ মুহাম্মদ নাসিরুল ইসলাম একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ