অন্যদৃষ্টি ডেস্ক।।
দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি নয়ন বন্ডের মরদেহ নিজ গ্রামে দাফন করতে দেয়নি পটুয়াখালীর দশমিনা উপজেলাবাসী।তাদের তোপের মুখে নয়ন বন্ডের মরদেহ পটুয়াখালীর গ্রামের বাড়িতে না নিয়ে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বুরজির হাটখোলা গ্রামে তার মামা বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম সীমান্তে গলাচিপা উপজেলার ৮ নম্বর বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাশবাড়িয়া গ্রামে সাব্বির হোসেন নয়ন বন্ডের বাবার বাড়ি।ওই গ্রামের বাসিন্দারা জানান, নয়ন বন্ডের মরদেহ আমাদের গ্রামে দাফন করতে দেয়া হবে না। তার মতো এমন জঘন্য খুনির মরদেহ অন্য কোথাও দাফন করা হোক।
এ বিষয়ে নয়ন বন্ডের চাচা লিটন মোল্লা বলেন, নয়নকে আমি দেখিনি। তার বাবা খুব ভালো মানুষ ছিলেন। বাড়ির সবাই নয়ন বন্ডের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করতে নিষেধ করে দিয়েছেন। নয়ন বন্ডের ঘৃণিত কর্মকাণ্ডের কারণে গ্রামের বাড়ির কেউই নয়ন বন্ডকে আত্মীয় পরিচয় দিতে চাচ্ছেন না। এ অবস্থায় তার মামার বাড়িতে মরদেহ দাফন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নয়ন বন্ডের মরদেহ বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বুরজির হাটখোলা গ্রামে তার মামা বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে। অল্প কিছু মানুষ তার দাফনে অংশ নিয়েছেন।
মরদেহ হস্তান্তরকারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বুরজির হাটখোলা গ্রামে নয়নের মামা বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
জাগো নিউজের পটুয়াখালী প্রতিনিধি জানান, নয়ন বন্ডের মৃত্যুর খবরে যেমন হাসি ফুটেছিল পুরো দেশের মানুষের মুখে, তেমনি হাসি ফুটেছিল তার নিজ বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলাবাসীর মুখেও।
নয়ন বন্ডের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পরপরই দশমিনার সচেতন মহল তার মরদেহ দশমিনার মাটিতে দাফন না করতে দেয়ায় প্রতিজ্ঞাবদ্ধ হয়। তাই স্থানীয় সচেতন মহলের এমন প্রতিজ্ঞার কথা জানতে পেরে স্বজনররা নয়ন বন্ডের মরদেহ নিয়ে দশমিনায় আসেননি।
অন্যদৃষ্টি/ কে.জামান
You must be logged in to post a comment.