মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা মহম্মদপুর উপজেলার নৌকায় ভোট দেওয়ার অপরাধে এক প্রতিবন্ধী যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ একটি দল।এ সময় ওই প্রতিবন্ধীর দোকান লুটপাট ও নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
২৮ মার্চ বৃহস্পতিবার মহম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের নাগড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।হামলা ও লুটপাটের পর আহত প্রতিবন্ধী যুবককে মহম্মদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবন্ধী হুমায়ন কবীর অভিযোগ করেন,গত ২৪ মার্চ রবিবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিবেশী সাবেক চেয়ারম্যানের ছেলে প্রিন্স আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দোয়াত কলমের পক্ষে অবস্থান নেয়।সে তাদেরকেও একই পক্ষে অবস্থান নেওয়ার জন্য চাপ দেয়।কিন্তু পারিবারিকভাবে বাপ-দাদার আমল থেকে তারা আওয়ামী লীগের সমর্থক।যে কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নৌকা মার্কার পক্ষে ভোট দেয়।নির্বাচনে দোয়াত কলম বিজয়ী হয়।এতে ক্ষিপ্ত হয়ে প্রিন্স স্থানীয় বিএনপি কর্মী খায়ের,আরেফিনসহ একটি সন্ত্রাসী গ্রুপ এনে পাল্লা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাকে হাতুড়ি ও হকি স্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।এ সময় তারা দোকানের মালামাল লুটপাট করে ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করেন।এ ব্যাপারে তিনি মহম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
এদিকে ফোন বন্ধ থাকায় অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।তবে এলাকাবাসী জানিয়েছেন ঘটনার পর পরই অভিযুক্ত প্রিন্সসহ অন্যরা পালিয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রবিউল হোসেন জানান,তিনি বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন।তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।
You must be logged in to post a comment.