ক্রীড়া ডেস্ক।।
নেইমারকে নিয়ে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। বারবার ফাউলের শিকার হয়ে যখন ব্যথায় কাতরান নেইমার তখন একপক্ষ বলে, অভিনয় করছেন এই ব্রাজিলিয়ান তারকা। অন্যদিকে আরেক পক্ষ বলে, নাটক নয় আসলেই ব্যথা পেয়েছেন নেইমার।
সমর্থক হতে শুরু করে ফুটবল বোদ্ধা, নেইমারের বিষয়ে কথা বলছেন সবাই। সেই তালিকা থেকে বাদ গেল না আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনাও। নেইমারের ‘অভিনয়ে’ অভিভূত হয়ে এই কিংবদন্তি জানান, নেইমার তাকে কখনো হাসায় আবার কখনো কাঁদায়।
মেক্সিকোর বিপক্ষে নেইমার ছিলেন পুরোপুরি ছন্দে। তার অসাধারণ পারফরম্যান্সের উপর ভর করেই ম্যাচটি ব্রাজিল জিতে নেয় ২-০ ব্যবধানে। দুটি গোলের একটি নেইমার করেছেন নিজে এবং অপরটিতে সরবরাহ করেছিলেন বল। আর ভালো খেলার পুরস্কার হিসেবে হয়েছেন ম্যাচ সেরাও। কিন্তু তারপরেও মাঠে নেইমারের বারবার পড়ে গিয়ে ব্যথায় কাতরানো নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বব্যাপী।
ডি লা মানো ডেল ডিয়াজ নামক এক অনুষ্ঠানে ম্যারাডোনা বলেন, ‘নেইমারকে নিশ্চয়ই বলা হয়েছে, হয় তুমি আমাদের কাঁদাও অথবা হাসাও। মেক্সিকোর খেলোয়াড়রা যখন তাকে ফাউল করে তখন আমার কান্না পেয়েছিল।পরে যখন সে বল নিয়ে ছুটছিল তখন আমার হাসি পেয়েছে।’
অনুষ্ঠানটিতে ম্যারাডোনা জানান ব্রাজিলের খেলা তিনি উপভোগ করেছেন। বলেন, ‘আমি খেলাটি উপভোগ করেছি কারণ আমি আকেটি শক্তিশালী ব্রাজিল দল দেখছি যারা আস্তে আস্তে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে।
আমি তিতেকে (ব্রাজিল দলের কোচ) অনেক পছন্দ করি এবং সে দলকে অনেক ভালো ভাবে প্রশিক্ষণ দিয়েছে। মেক্সিকোর কিছুই করার ছিল না।’
You must be logged in to post a comment.