ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু বলেন, নির্বাচনে কে আসবে কে আসবে না সেটি বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো সংবিধান রক্ষা করা। সংবিধান মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিএনপি নিবন্ধিত দল। তারা নির্বাচনে আসতে চাইলে আসবে। তবে রাজাকার, জঙ্গি এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীরা যেন নির্বাচনে অংশ না নিতে পারে। কারণ, রাজাকার ও জঙ্গিরা মানুষরূপী দানব। আর বিএনপি এবং খালেদা জিয়া সেই দানবদের পৃষ্ঠপোষক । ১৯৭৫ সালে জেনারেল জিয়া রাজনীতিতে বিষবৃক্ষ রোপন করেছিল। তাই বিএনপি বাংলাদেশের রাজনীতির কলঙ্ক।
আজ ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, গত ১০ বছর ধরে জাসদ ও আওয়ামীলীগের মধ্যে মহাঐক্যের বিরাজ করছে। এ ঐক্য ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন এ ঐক্যের ফসল হিসেবে বিগত ২০০৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে জাসদের প্রার্থী শাহ্ জিকরুল আহমেদ বিজয়ী হয়েছিলেন। আওয়ামীলীগের বন্ধুরা তখন আন্তরিকভাবে কাজ করেছেন। বর্তমানেও আওয়ামীলীগ এবং জাসদের কর্মীদের মাঝে কোনো বিভেদ বা বিভাজন নেই।
এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি শাহ্ জিকরুল আহমেদ, নাট্য অভিনেতা নাদের চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন। পরে মন্ত্রী বিকেলে নবীনগর শহরে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
You must be logged in to post a comment.