ক্রীড়া ডেস্ক।।
জুনিয়র ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের আসর বসছে ভারতের চেন্নাইয়ে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী দলগুলো ইতিমধ্যে চেন্নাইয়ে আসতে শুরু করেছে। সুইজারল্যান্ডের স্কোয়াশ দল ভারতে চলে এলেও আসেননি তাদের দলের সেরা খেলোয়াড় আমব্রে আলিঙ্কস। মেয়েকে ভারত সফরে আসতে বারণ করেছেন তার মা। আমব্রে আলিঙ্কসের বাবা-মার দাবি ভারতে মেয়েদের নিরাপত্তা নেই। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সুইজারল্যান্ড দলের কোচ পাসকাল ভুরিন জানিয়েছেন, আমব্রে আলিঙ্কসের বাবা-মা ওকে ভারতে আসতে দিতে চায়নি।

গত কিছুদিন ধরে এদেশে নারীদের ধর্ষণ ও সম্মানহানির বিভিন্ন ঘটনা ওর বাবা-মা ইন্টানেটের মাধ্যমে জানতে পেরেছে। যার জন্য তারা মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। শুধু আমব্রে আঙ্কলিসের বাবা-মাই নন, ইরান, অস্ট্রেলিয়া এমনকি আমেরিকার দলের কর্মকর্তারাও টুর্নামেন্টের আগে প্রতিযোগীদের নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এজন্য প্রতিযোগিতায় অংশ নিতে ভারত সফরে আসার আগে কয়েকটি দেশ তাদের খেলোয়াড়দের শরীরের বেশিরভাগ অংশ ঢেকেরাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে চেন্নাইতে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।