ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করে চারুকলা বিভাগ। সম্প্রতি বিভাগটির জন্য রবীন্দ্র-নজরুল কলা ভবনে শ্রেণিকক্ষ বরাদ্দ দেয় কর্তৃপক্ষ।
তবে অন্যবিভাগ আগে থেকেই কক্ষগুলো দখল করে রাখায় নিজেদের বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ব্যবহারের সুযোগ পাচ্ছে না চারুকলা বিভাগ। আর তাই নিজেদের বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ফিরে পেতে এবার আমরণ অনশন শুরু করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। শিক্ষার্থীদের দাবি- রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ দিতে হবে। এর আগে একই দাবিতে ক্যাম্পাসে দুই দফায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছিল শিক্ষার্থীরা।
বিভাগটির শিক্ষার্থীরা বলেন, আমরা শ্রেণিকক্ষ বরাদ্দ পেয়েও ব্যবহার করতে পারছি না। কক্ষগুলো ফোকলোর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ দখল করে আছে। এদিকে আমাদের ক্লাস পরীক্ষা পরিচালনা করার কোনো জায়গা নেই। আমরা আমাদের নতুন চেয়ারম্যানকে বসতে দেওয়ারও জায়গা পাইনি। আমরা প্রসাশনের দারস্ত হয়েও কোনো সমাধান পাইনি। আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো ফল পাইনি। তাই আমরা বাধ্য ও নিরুপায় হয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবির বিষয়ে প্রশাসন লিখিত কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, উপাচার্য ক্যাম্পাসের বাইরে আছেন। তিনি ক্যাম্পাসে ফিরলে আগামীকাল (মঙ্গলবার) বিষয়টি নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি দুপুরেই আন্দোলনকারীদের বিষয়টি জানিয়েছে। আমরা একটা সমাধানের দিকেই যাচ্ছি।
You must be logged in to post a comment.