বিবশা লগ্ন
নাসরিন পাঠান
দিনগুলো দিনের মতোই চলে
মানুষগুলো আজো মানুষের মতোই অবিকল,
মন্দাক্রান্তি সময়টা আগের সময়ের মতোই
তবু কোথায় জানি সব অদল-বদল।
রাত গভীর হলেই শুধু ডাহুক ডাকে না
ভরদুপুরেও ডাকতে শুনি বাড়ির পাশে কৃষ্ণচূড়া গাছটায়!
দু’য়েকটা দোয়েল মাঝে মাঝে এসে গান শুনিয়ে যায়
চড়ুইগুলোও জানি না নেচেনেচে কী বোঝায়!
হয়তো এই-ই বলে,
তার আর আমার জীবনের ধরণ প্রায় এক!
কাকের কা কা ডাক তত শুনতে পাই না!
হয়তো বা ছদ্মবেশে কোকিলের দলে ভিড়ে গেছে।
শৈশবে দাড়িয়াবান্ধা খেলতে গিয়ে খেলায় জিতবো বলে,
চিঁ ধরে এগিয়ে গেছি যতটা শক্তি প্রয়োগে,
আজ ততটাই শক্তি প্রয়োগ করি পথ চলতে!
সাপলুডু খেলতে গিয়ে যতটা আনন্দ ছিল
মই বেয়ে পলকেই উপরে চলে যাওয়ার,
উৎকণ্ঠাও ছিল ঠিক ততটাই সাপের মুখে পড়ে শূন্যে নেমে আসার।
সত্যি বলতে জীবনটাকেও আজ সাপলুডুর খেলা মনে হয়।
নিমিষেই উচ্চশিখরে
নিমিষেই জীবনের প্রথম সিঁড়িতে!
ছক্কার কানা দিতেদিতে আজ নিজেই দিনকানা হয়ে গেছি জোনাকির মতো,
কর্মাক্ষমতায় আড়ালে থাকি সারাটাদিন!
রাত গভীর হলে চোখ মেলি আকাশের তারা গুনতে,
শিকার করি দু’য়েকটা গদ্য,পদ্য,গল্প বা কবিতা!
You must be logged in to post a comment.