জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি ।।
যশোরের শার্শা উপজেলার নাভারণে বিষপানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা প্রচেষ্টার জন্য মাদ্রাসা শিক্ষককে দায়ী করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মেয়েটির পরিবার।
অভিযোগ পত্রে জানা যায়, শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সুমী খাতুন (১৫) একই মাদ্রাসার সহকারী শিক্ষক এসএম রিজাউল বকুল অনুমানভিত্তিক বিভিন্ন কুরুচিপূর্ণ কাল্পনিক কাহিনী তৈরি করে। শ্রেণীকক্ষে ছাত্রীদের উপর কটাক্ষভাবে বর্ণনা করে। বিভিন্নভাবে কৈফিয়ৎ তলব করে। অন্যান্য মেয়েদের সামনে তার সাথে অশ্লীল ভাষা ব্যবহার করে। অপমানজনক কথাবার্তা বলে। সবমিলিয়ে নানাভাবে বাজে আচরণ করায় নিজের অপমাণ বোধ করেন সুমী খাতুন।
৪ঠা ফেব্রুয়ারী সোমবার মাদ্রাসা হতে বাড়ি ফিরে সবার অজান্তে প্রতিবেশীর বাড়ি হতে সুমী নিজে বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু তাৎক্ষণিক সুমীর বাড়ির লোকজন জানতে পেরে নাভারণ-বুরুজবাগান সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। সে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে সুমি।
সুমি অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, আমার প্রতিবেশী বান্ধবী নাহিদা আক্তার তাদের পারিবারিক বিষয় তার মাদ্রাসার শিক্ষক এসএম রেজাউল বকুলের সাথে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ খারাপ কথাবার্তা প্রকাশ করে। পরে ক্লাসে অন্যান্য শিক্ষার্থীদের সামনে শিক্ষক একই বিষয় নিয়ে উপহাস নিয়ে আমাকে অপমান করে। বাজে কথাবার্তা বলেছে। আর সেই কারণে আমাকে বিষপান করা ছাড়া আর কোনো উপায় ছিল না।’
তিনি আরো বলেন, ‘বিষপানের খবর জেনে যাওয়ায় তারা আমাকে তাড়াতাড়ি বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আমাকে চিকিৎসা দেয়া হলে সে যাত্রায় প্রাণে বেঁচে যাই। এমন জঘন্য ঘটনা প্রায়ই শিক্ষক এসএম রেজাউল বকুলের দ্বারা ঘটতে থাকে। এছাড়া ইতিপূর্বে এই বকুল স্যার আমাকে বাজারে একটি ছেলের সাথে কথা বলার অপরাধে বেত দিয়ে ৩৩টি বার মেরেছিল। তাতে আমার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়েছিল।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক এসএম রেজাউল বকুল অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, আমি সুমীর সাথে কোনো খারাপ আচরণ করিনি। অন্যান্য মেয়েদের তার সাথে খারাপ আচরণ করতে নিষেধ করতাম।’
সুমীকে বেত মারার কথা তিনি স্বীকার করেন।
নাভারণ মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আলেয়া পারভীন অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘শিক্ষার্থীরা ক্লাসে লেখাপড়ায় অমনোযোগী হলে শিক্ষক শাসন করতে পারে, এটা কোনো দোষের নয়। কিন্তু তা যদি ভিন্নখাতে প্রবাহিত করে তাহলে কিছু বলার নেই। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন থাকুক। এস এম রেজাউল বকুলকে একজন ভালো শিক্ষক হিসাবে আমরা জানি। তবে সুমীর বাবা অভিযুক্ত শিক্ষক এসএম রেজাউল বকুলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে লিখিত অভিযোগ দিয়েছেন তার বিষয়ে আমাকে খতিয়ে দেখতে হবে।’
নাভারণ মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সালেহ আহম্মেদ মিন্টুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, কয়েকদিন আগে আমার এক আত্মীয়কে চিকিৎসার জন্য আমি ভারতে নিয়ে গিয়েছিলাম। গত রবিবার দেশে ফিরে বর্তমানে আমি বাংলাদেশের শরীয়তপুরে আছি। মাদ্রাসার এমন ঘটনা আমাকে এখনো কেউ জানায়নি বা আগের ঘটনাও আমাকে কেউ কখনো বলেনি।’
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর কয়েকজন অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক এসএম রেজাউল বকুল সম্ভবত ২০০৪ সালে একই মাদ্রাসার সপ্তম শ্রেণীর তাওহীদা খাতুন নামে শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং স্থানীয় এলাকাবাসীর চাপের মুখে বিয়ে করতে বাধ্য হয়।’
এ প্রসঙ্গে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘আমি এ রকম একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তের পর সত্য ঘটনা জানা যাবে।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.