ময়মনসিংহের নান্দাইল মডেল থানার নবযোগদানকারী অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দের নির্দেশে এসআই আনোয়ার হোসেন ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার এক বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরের মূলহোতা সহ ৫জনকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। নান্দাইল উপজেলার নিকটবর্তী কিশোরগঞ্জ জেলার সদর,কটিয়াদি ও করিমগঞ্জ থানা এলাকায় চিরুনী অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোরের মূলহোতা হুমায়ুন সহ ৫জনকে হাতেনাতে আটক করে এবং সেইসাথে তাদের নিকট থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার নারান্দী গ্রামের মোক্তার উদ্দিনের পুত্র মুলহোতা হুমায়ুন ওরফে রফিক (৪০),হোসেনপুর থানার পানান গ্রামের আফাজ উদ্দিনের পুত্র সেলিম মিয়া (২৫), কটিয়াদি থানার জালালপুর গ্রামের শিরু মিয়ার পুত্র শিপন ওরফে মামুন (২৬) এবং করিমগঞ্জ থানার হাত্রাপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন (২২) ও হাইধনখালী গ্রামের সোহরাব উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৩০)। অপরদিকের মাদক ও জুয়া আইনে আরো ৫ জন আসামীকে আটক করা হয়েছে।আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেন বাবলু জানান, দীর্ঘদিন যাবত এ চক্রটি বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিলো।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ জানান, অপরাধীদের কোন ধরনের ছাড় দেওয়া হবেনা।আইনশৃঙ্খলার সুস্থ ধারা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.