আশরাফুল আলম জালাল, ময়মনসিংহ।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের এল জি ই ডির একটি রাস্তার সাভার নামক স্থানে গত সাতদিন ধরে একটি ওয়াটার পাস ব্রীজ একপাশের ইটের গাঁথুনি ও মাটি সরে গিয়ে মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।
এই রাস্তাটি দিয়ে প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ বিভিন্ন ভাবে যাতায়াত করে। প্রতিদিন ছোট ও মাঝারি পাল্লার চারশত গাড়ি চলাচল করে। রাস্তাটি স্থানীয় হেমগঞ্জ বাজার থেকে একই ইউনিয়নের দাতারাটিয়া বাজার হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম বাজারে মিলিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, আজ ৭ দিন যাবৎ ব্রীজটি এই অবস্থায় আছে, কেউ মেরামতের জন্য এগিয়ে আসেনি। এই সড়ক পথে দিনে রাতে সাধারণ মানুষ ও যান চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। অপর স্থানীয় ব্যাক্তি শহিদুল ইসলাম ও সাকিব হাসান সহ অনেকেই বলেন , আর ইউ বি ব্রিকস নামক একটি ইটের ভাটায় কয়লা, মাটি, ইটের ভারী যানবাহন চলাচলের কারণে ব্রীজটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, আমি নিয়মিত উপজেলা প্রকৌশল কার্যালয়ে যোগাযোগ রাখছি। আশা করছি দ্রুত মেরামত হবে।
দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম জানান ইউএনও আব্দুর রহিম সুজনের নির্দেশক্রমে জেলা প্রকৌশল অফিসে কথা বলেছি,আপাতত যাতায়াতের সুবিধার্থে একটি স্টিলের স্লিপার দ্রুতই দেওয়া হবে। পরবর্তীতে স্থায়ী ভাবে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.