স্টাফ রিপোর্টার
এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চলছে শিক্ষক-কর্মচারীদের। অনশনে থাকা শিক্ষকদের অনেকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন। অনশনে থাকা শিক্ষকরা বলছেন, স্বীকৃতি পাওয়া সব কটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন।
মঙ্গলবার (২৬ জুন) আমরণ অনশনের দ্বিতীয় দিনে প্রচণ্ড গরমে অনন্ত ৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে সোমবার ১২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ায় কয়েকজন শিক্ষককে স্যালাইন দেয়া হচ্ছে।
ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরণ অনশনরত কোনো শিক্ষকের মৃত্যুর দু:সংবাদ শোনার আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি এমপিওভুক্তি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরণ অনশন অব্যাহত থাকবে।
ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভুষণ রায় বলেন, আমরা টানা ১৬ দিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে গেলেও এখনও আমাদের ন্যায্য দাবি আদায়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমরণ অনশন পালনে নেমেছি। আমরা ক্ষুধার জ্বালায় রাজপথে নেমেছি। দাবি আদায় ছাড়া আমরা ক্লাসে ফিরে যাবো না।
সরেজমিনে দেখা গেছে, রাজপথে খোলা আকাশের নিচে রোদের মধ্যে ধুলাবালি, গাড়ির ধোঁয়া আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়ছেন। আমরণ অনশনের দ্বিতীয় দিনে মঙ্গলবার অন্তত ৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষকরা হলেন, পঞ্চগড়ের মো: আব্দুল কুদ্দুস, রংপুরের মো: লাল মিয়া, দিনাজপুরের শাহনুর আলম ও রশিদুল সরকার,কুষ্টিয়ার আমজাদ হোসেন এবং মো: আব্দুর রাজ্জাক। তারা অনশন স্থলেই চিকিৎসা নিচ্ছেন।
You must be logged in to post a comment.