কক্সবাজার প্রতিনিধি।।
মহেশখালী-কুতুবদিয়া দ্বীপবেষ্টিত সংসদীয় এলাকা কক্সবাজার-২ আসনে একাদশ নির্বাচনে ধানের শীষ প্রতীক ছাড়া প্রতিদ্বন্দ্বিতা হবে। সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। ৯ ডিসেম্বর রবিবার বিকেল ৫টার মধ্যে দলের চুড়ান্ত মনোনয়নপত্র জমা না দেওয়ায় তার মনোনয়ন আপনাআপনি বাতিল হয়ে গেছে বলে নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামাল হোসেন।
ইতিপূর্বে সাবেক এই সাংসদ প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জামায়াতে ইসলামীকে আসনটি ছেড়ে দেওয়ায় তাকে চূড়ান্ত মনোনয়ন থেকে তাকে বাদ দেওয়া হয়।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ আরপিও অনুযায়ী ধানের শীষ প্রতীক বরাদ্দ পাবেন না। সাবেক এই সাংসদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করায় ১০ ডিসেম্বর সোমবার তাঁকে স্বতন্ত্র প্রার্থীর প্রতীকই নিতে হবে।
রিটার্নিং কর্মকর্তা মোঃ কামাল হোসেনের কাছে এএইচএম হামিদুর রহমান আযাদকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র রবিবার জমা দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এএইচএম হামিদুর রহমান আযাদ তাঁর মনোনয়নপত্রের সাথে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধপত্র একসাথে প্রাথমিক মনোনয়ন হিসাবে দাখিল না করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রতীক চেয়ে মনোনয়নপত্র দাখিল করে ছিলেন। তাই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাঁকে কোন অবস্থাতেই এখন ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব নয়।
সূত্রমতে, সোমবার ১০ ডিসেম্বর’১৮ প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন রয়েছে। এইদিন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষ প্রতীকে কোন প্রার্থীই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। অন্যদিকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে এলডিপি প্রধান কর্ণেল (অবঃ) অলি আহমেদকে ছেড়ে দেওয়ায় এই আসনে ধানের শীষ প্রতীক থাকছে না। তিনি দলীয় প্রতীক ছাতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.