দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি ঈদের আনন্দকে স্বাধীনতা-উত্তর আনন্দের সাথে তুলনা করে বলেন, ‘দেশ ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে।’
ডা. শফিকুর রহমান আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তি-স্বস্তির দেশ পেয়েছে, মহান আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন।’ আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী স্বৈরাচার বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে থাকা তাদের দোসরদের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। এ অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। মানবিক বাংলাদেশ গঠনের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
ঈদের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।’
তিনি ঈদের দিনে সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার সেতুবন্ধন তৈরির আহ্বান জানান। একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।।
জামায়াত আমীর দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন।
জামায়াত নেতাদের ঈদ উদযাপন :
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দের ঈদ উদযাপনের স্থানের তথ্য প্রদান করা হয়। আমির ডা. শফিকুর রহমান ঢাকায় নিজ বাড়িতে, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান মক্কায়, নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিঞা গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন।
এছাড়াও সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মক্কায়, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে নিজ বাড়িতে, মাওলানা মো: শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ঢাকার উত্তরায় ঈদ উদযাপন করবেন। বিজ্ঞপ্তি।
You must be logged in to post a comment.