ঢাবি প্রতিনিধি।।
দেশ গড়ার কাজে যুব সমাজকে বিশেষ করে নবীন গ্র্যাজুয়েটদের নেতৃত্ব দিতে হবে। জাতির পিতা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছে কিন্তু দেশগড়ার সংগ্রাম শেষ হয়নি। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার যে প্রত্যয় ছিলো তা আজও পরিপূর্ণভাবে অর্জিত হয়নি । শনিবার (০৬ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে ৫১তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে ডিপ্লোমা ও সান্ধ্যকালীন কোর্সের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান কোর্স নিয়ে ভাবতে বলেছেন ডিপ্লোমা ও সান্ধ্যকালীন কোর্সের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অপরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ে ডিগ্রি দেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পাশাপাশি স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে কি না ভাবতে হবে।

তিনি আরও বলেন, মনে করি জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র-শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা ভেবে দেখবেন। মনে রাখতে হবে, জনগণের অর্থেই পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। তাই তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
শনিবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রেকর্ড সংখ্যক গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবর্তনে উপস্তিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গবেষণা ও ভৌত অবকাঠামো উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজউকের বরাদ্দকৃত জমির আনুষ্ঠানিক হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে। যুগের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। বহির্বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি হিসেবে পুনরায় ‘বঙ্গবন্ধু ওভারসিস স্কলারশিপ’ চালু করেছে। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন ও রাজনীতিমনস্ক গ্র্যাজুয়েট তৈরি ও ভবিষ্যৎ জাতীয় নেতৃত্বের বিকাশ ধারা বজায় রাখার লক্ষ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন আয়োজনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপাচার্য তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, উচ্চশিক্ষা লাভ করে একজন গ্র্যাজুয়েট যদি ভালো মন্দ বিচার করতে না পারে এবং ভালোর পক্ষে দাঁড়িয়ে মন্দকে প্রতিরোধ করতে না পারে, তাহলে তার উচ্চশিক্ষা বৃথা। দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ এখনও সাক্ষরতার সুযোগ থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, সুবিধা বঞ্চিত এসব মানুষের কল্যাণে গ্র্যাজুয়েটদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য ও একাডেমিক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১জনকে পিএইচ ডি এবং ২৭ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ইতিহাসে সর্বাধিক ২১ হাজার ১১১জন গ্র্যাজুয়েটকে অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট অনুষদের ডিনগণ অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটের ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের নাম উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান সমাবর্তন অনুষ্ঠান সঞ্চালন করেন।
You must be logged in to post a comment.