মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ২৫ টি ইট ভাটায় আইন অমান্য করে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে সদ্য রোপন করা ধানের চারাসহ ফসলি জমির মাটি চলে যাচ্ছে ইটভাটাগুলোতে।
এতে মাটির উর্বরা শক্তি কমে ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষক ও কৃষিবিদগণ। অন্যদিকে জমির মাটি আনা-নেয়ার কাজে ব্যবহৃত দানবীয় ট্রলির চাকায় পিষ্ট হচ্ছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট।
এতে একদিকে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের অন্যদিকে দীর্ঘসময় থেকে সংস্কার না হওয়া উপজেলার রাস্তাঘাটগুলো পিষ্ট হচ্ছে নিষিদ্ধ ট্রলি চাকায়। ফলে যোগাযোগ ব্যবস্থার চরম ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে।
জানা যায়, উপজেলার পশ্চিম শোশালিয়া, হীরাপুর, দুধরাজপুর, হানুবাইশ, নোয়াগাঁও, কাটাখালি, হাজিরপাড়া, কাঞ্চনপুর, ইছাপুর, পানিয়ালা-শাহরাস্তি সড়ক, মডেল বিশ্ববিদ্যালয় কলেজ রোড, ভোলাকোট, চন্ডিপুর, লামচর, ভাদুর ও দরবেশপুর, কচুয়া, আলীপুর ইউনিয়নের আবাদি জমির ওপরের অংশ এক থেকে গভীর গর্ত করে কাটা হচ্ছে মাটি।
সরেজমিনে আজ সোমবার উপজেলার ভোলাকোট ইউনিয়নের হীরাপুর মাঠের সদ্য রোপনকৃত ধানের জমির পাশ থেকে জমির মাটি কাটা হচ্ছে ভেকো মেশিন দিয়ে। শত শত ট্রলি ভরাট করে মাটি নেয়া হচ্ছে হাবিব, কুদ্দুছ ও স্বপনের ব্রীক ফিল্ডে।
উপজেলার বেশ কয়েকটি স্থানে রোপন করা ধানী জমির ধানগাছসহ মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়। মাটি কাটার কাজ দ্রুত করার জন্য দানবীয় চাকার বুলডোজার ব্যবহার করা হচ্ছে কোথাও কোথাও।
রাইসুল ইসলাম শাওন নামের এক পরিবেশবিদ জানান, সরকারী নিয়ম অনুযায়ী মজা পুকুর, খাল-বিল, নদ-নদী, চরাঞ্চল, পতিত ও আবাদী জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ থাকলেও তা মানছে না কেউই। শুধুমাত্র রামগঞ্জ-পানিয়ালা ও শাহরাস্তি সড়কেই রয়েছে অন্তত দশটি ইটভাটা।
ডাক্তার আবদুল্লাহ আল মাঈদ জানান, লোকালয় ও জনবসতির আশেপাশে ইটভাটা নির্মানের ফলে মানুষের শ্বাসকষ্টসহ মারাত্মক ঝুকিতে রয়েছেন ইটভাটা এলাকার লোকজনের। প্রচুর পরিমানে ধুলোবালির কারনেও ইটভাটা এলাকার সড়কগুলোতে চলাচল করা দুরহ হয়ে পড়েছে।
রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিশা আহম্মেদ জানান, রাস্তাঘাটগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারনে এমনিতেই ঝরাঝির্ণ অবস্থায় রয়েছে সড়কগুলো। তার উপর ট্রলির দানবীয় চাকায় পিষ্ট হচ্ছে জরাঝির্ন হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে রাস্তাঘাটগুলো।
রামগঞ্জ উপজেলার বেশ কয়েকজন মাটি ব্যবসায়ী জানান, গত ৪/৫ বছর ধরে বিভিন্ন কারণে জমি বেচা-কেনা কমে গেছে। এখানে জমির চেয়ে মাটির দাম বেশি। বর্তমানে জমি বিক্রি না করে মাটি বিক্রি করলে তাদের আর্থিকভাবে লাভ হয়। তারা আরো জানান, প্রতিদিন ইট ভাটায় প্রায় ৫শ থেকে ৫৫০ ট্রলি মাটির প্রয়োজন হয়। যা অত্র এলাকার জমিগুলো থেকেই নেয়া হচ্ছে।
এসব দানবীয় চাকার ট্রলিতে নষ্ট হচ্ছে চলাচলের পাকা সড়ক।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইটভাটা মালিক সানাউল্যা মিয়া জানান, আমরা যথাযথ নিয়ম মেনে ইটভাটা নির্মান করেছি।
রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহম্মেদ সরকার বলেন, কৃষকদের মাটি বিক্রি না করার বিষয়ে সচেতন করার পরও তারা কথা শুনছেন না। একবার মাটি কাটা জমিতে আগের মতো উর্বরা শক্তি ফিরে আসতে কমপক্ষে ১০-১৫ বছর সময় লাগে। আর এভাবে মাটি বিক্রি অব্যাহত থাকলে এক সময় ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, সরকারী আইন অনুযায়ী ইট ভাটায় ফসলি জমির মাটি ব্যবহার করা যায় না। ইটভাটা মালিকদের এ বিষয়ে সর্তক করে দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনের কারনে ব্যাবস্থা নিতে পারিনি। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
You must be logged in to post a comment.