বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার বাধাল গ্রামে ধানসাগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান স্বপনের বাড়িতে অজ্ঞান ঔষধ মেশানো খাদ্য খেয়ে পরিবারের ৯ সদস্য অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার ৩১ জানুয়ারী’১৯ রাতে রান্না ঘরে রাখা ভাতে অজ্ঞান ঔষধ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। ১লা ফেব্রুয়ারী’১৯ শুক্রবার সকালে ঐ খাদ্য খাওয়ার ফলে সবাই অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ হয়ে পড়া সকল সদস্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাংবাদিক ও ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন অন্যদৃষ্টির প্রতিনিধিকে বলেন, ‘রাত ১২টায় ৭-৮ জন দুর্বৃত্তরা তাদের বাড়িতে হানা দেয়। তারা ঘরের বেড়া ও চৌকাঠ ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। শব্দ টের পেয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেয়।
আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। রাতে পাকের ঘরে রান্না করে রাখা ভাতে অজ্ঞান ঔষধ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। রাতে সবাই রাইস কুকারে রান্না করা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পাকের ঘরে রান্না করা চেতনানাশক মেশানো খাদ্য আর খাওয়া হয়নি।
দুর্বৃত্তরা ভেবেছিল অজ্ঞান ঔষধ মেশানো খাদ্য খেয়ে ঘরের সবাই অচেতন হয়ে পড়বে। এ সুযোগে তারা বেড়া ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে।’
ঐ খাদ্য সকালে খেয়ে সবাই অসুস্থ হলে খাবারে চেতনানাশক মেশানোর বিষয়টি প্রাথমিকভাবে ধরা পড়ে।
অসুস্থরা হলেন-ইউপি সদস্য স্বপনের বাবা আব্দুল মান্নান আকন (৮৫), মা জাহানারা বেগম (৭৫), স্ত্রী সাম্পা আক্তার (৩৫), মেয়ে সানজিদা হোসেন রিমা (১৭), চাচা মতি আকন (৬০), শাহজাহান সরদার (৬৫), ভগ্নিপতি মীর হাবিবুর রহমান (৬০), মাদরাসা ছাত্র মোহাম্মদ রিয়াজ (১৬) ও কাজের বুয়া বকুল বেগম (৫৫)।
এদিকে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দিবাকর অন্যদৃষ্টির প্রতিনিধিকে জানিয়েছেন, ‘অজ্ঞান ঔষধে মিশ্রিত খাদ্য খেয়ে তারা অসুস্থ হয়েছে। ভয়ের কিছু নেই। চিকিৎসায় সবাই সুস্থ হয়ে যাবেন। তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে।’
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শরণখোলা থানার ইনসার্জ (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, ‘পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা ঘটনাস্থলে পরিদর্শনও করেছি।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.