দক্ষিণাঞ্চলের উন্নয়নের কথা চিন্তা করে নৌকায় ভোট দেয়া উচিত : কেসিসি মেয়র খালেক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৮ অপরাহ্ন
“খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দল খালেক বক্তব্য দেন’....

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দল খালেক বলেছেন, ‘মংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন শেখ হাসিনার সরকার করেছে, আমি ১৯৯১ সালে এই এলাকায় আসার পর দেখেছি এই অঞ্চলের মানুষদের দুর্বিষহ জীবনযাপন। রাস্তা ছিল না। বিদুৎ ছিল না। ব্রীজ-কালভার্ট কিছুই ছিল না। যোগাযোগ ব্যবস্থা ছিল একমাত্র নৌকা-ট্রলার। আমি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে আসার পর এই এলাকার মানুষের জন্য যা করেছি সেটা সারাজীবন দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কারণে এখানকার সব মানুষের নৌকা প্রতীকে ভোট দেয়া উচিত। এর বাইরে ভোট দিলে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে।’

বুধবার ২৬ ডিসেম্বর’১৮ বিকেল ৪টায় মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত এসব কথা বলেন।

তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এ সময় জনসভায় কেসিসি মেয়র তালুকদার খালেক তার স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে নৌকায় ভোট চেয়ে বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ বন্দর বন্ধ করে দেয়া হয়েছিল। কোনো উন্নয়নই হয়নি। আওয়ামীলীগ রাষ্ট্রীয় পরিচালনা দায়িত্বে না আসলে এখানে কোনো উন্নয়নই হতো না।’

তার স্ত্রী হাবিবুন নাহারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের হাতে ফুল দিয়ে পৌর যুবদলের সহসভাপতি মোস্তফা কামাল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম নান্না, মংলা বন্দর স্টিভিডরিং ওয়াসম্যান ওয়েলফেয়ার সংঘের সভাপতি গোলাম মোস্তফা এবং মৎস্য সমিতির সাবেক সভাপতি আফজাল ফরাজির নেতৃত্বে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

এ সময় তিনি বলেন, ‘আওয়ামীলীগ আবারো রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পেলে মংলা নদীর ওপর দেশের দশম ঝুলন্ত ব্রীজ করে দেয়া হবে।’

পৌরআওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ইদ্রীস আলি ইজারদার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মহিলাভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই প্রমুখ।

এ সময় আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এর আগে সমাবেশস্থলে দুপুরের পর হতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল সহকারে আসতে থাকেন। মুহুর্তের মধ্যে জনসমুদ্রে পরিণত হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ