ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি ড. এম এয়াকুব আলীকে পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি করে সংগঠনটি। এসময় বিশ্বিবদ্যালয়ের পরিবহন পুল ও খুলনা-কুষ্টিয়া মহাসড়ক সংস্কারের দাবি জানানো হয়।
কর্মসূচিতে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ সভাপতি উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মীমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৫শে ফেব্রুয়ারি কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীবাহী বাস ধানখেতে উল্টে যায়। চালকের গাফিলতির কারণেই এই দূর্ঘটনা ঘটে। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এমন পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। প্রো-ভিসি ও পরিবহন প্রশাসক দুইটি গুরুত্বপূর্ণ পদ, কিন্তু বসে আছে একজন। যার ফলে পরিবহন সেক্টরে যথাযথ উন্নয়ন লক্ষ্য করছি না। তাই এই সেক্টরের দুরবস্থা কাটাতে প্রো-ভিসিকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষককে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে।
তারা আরও বলেন, প্রশাসন দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন ও অদক্ষ বাসচালকের মাধ্যমে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করে রেখেছে। অনতিবিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করতে হবে এবং অযোগ্য, অশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নিজস্ব অর্থায়নে নতুন বাস যুক্ত করতে হবে।
প্রসঙ্গত, গেল বছরের ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ইবির পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন ড. আনোয়ার হোসেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের পর একই বছরের ৩০শে সেপ্টেম্বর পদটিতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. এয়াকুব আলীকে পরিবহন প্রশাসক হিসেবে ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়োগ দেয়া হয়।
পরবর্তীতে তিনি ২রা ডিসেম্বর প্রো-ভিসি পদে নিয়োগ পান। তবে এই পদে নিয়োগ হওয়ার পরেও তিনি পরিবহন প্রশাসক পদ ছাড়েননি। ভিসিও গুরুত্বপূর্ণ এই দপ্তরটিতে নতুন করে কাউকে নিয়োগ দেয়নি।
You must be logged in to post a comment.