অন্যদৃষ্টি অনলাইন।।
বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করার মাধ্যমে ড. কামাল হোসেনের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।
জয় লিখেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করার মাধ্যমে কামাল হোসেনের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হলো।
ওয়ান-ইলেভেনের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আনার পেছনে ড. কামালের ভূমিকা ছিল উল্লেখ করে জয় লিখেছেন, ১/১১-এর সেনা সমর্থিত সরকার আনার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিল এই কামাল হোসেন। তার জামাতা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়াই করে গেছেন অনেক বছর।
জয়ের হুবহু স্টাটাসটি তুলে ধরা হলো-
‘বিএনপি জামাতের সাথে জোট করার মাধ্যমে কামাল হোসেনের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হলো। তার এক জোটসঙ্গী বিএনপি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিরীহ মানুষদের জ্যান্ত পুড়িয়ে মেরেছে। তার আরেক সঙ্গী জামাত মুক্তিযুদ্ধের সময় নির্যাতন, ধর্ষণ ও গণহত্যায় জড়িত ছিল। বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান আমার মা ও আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলার দণ্ডপ্রাপ্ত অপরাধী; তাদের সভাপতি খালেদা জিয়াও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত একজন অপরাধী।
১/১১ এর সেনা সমর্থিত সরকার আনার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিল এই কামাল হোসেন। তার জামাতা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়াই করে গেছেন অনেক বছর আর এখন বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করেই যাচ্ছেন। কামাল হোসেন এর মেয়ে ও জামাতা উভয়ই বিদেশে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বিদেশীদের বাংলাদেশে হস্তক্ষেপ করানোর উদ্দেশ্যে।
এই ধরণের মানুষদের উপর আমার বিতৃষ্ণা এসে গেছে। তাদের কোনো নৈতিকতা নেই, সততা নেই, নেই বাংলাদেশের জন্য কোনো ভালোবাসা। ক্ষমতার লোভে তারা দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের হাত মেলাতে পারে স্বাচ্ছন্দ্যে। তারা দেশপ্রেমিক নয়, তারা বাংলাদেশ বিরোধী।’
You must be logged in to post a comment.