সবুজ হাসান, বাগেরহাট
আলেকজান্ডার দ্য গ্রেট-এর কাহিনীর সঙ্গে গ্রিক দার্শনিক ডায়োজিনিস ওৎপ্রোতভাবে জড়িত। সেই বিখ্যাত গল্প আমরা সবাই জানি প্রতাপশালী আলেকজান্ডার ডায়োজিনিস-এর কাছে গিয়ে জানতে চাইলেন, ‘আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?’ ডায়োজিনিস নির্বিকারভাবে জবাব দিলেন, ‘আপনি সরে দাঁড়ান, সূর্যের আলো পেতে দিন, আর কোনো সাহায্যের প্রয়োজন নেই।’ (আর বর্তমানের বুদ্ধিজীবী না বুদ্ধি বিক্রিকারীরা ক্ষমতাশালীদের কাছ থেকে সামান্য অনুকম্পা পাওয়ার জন্য পদলেহন করতেও কার্পণ্য করেন না) আসুন এই মহান দার্শনিক এর আরও শিক্ষণীয় দুটি গল্প জানি।
এক.
ডায়োজিনিস একবার দর্শনের নানা বিষয় কিছু মানুষের সামনে আলোচনা করছিলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন, মানুষেরা ধীরে ধীরে কেটে পড়ছে এবং নিজেদের কাজে মনোযোগী হয়ে যাচ্ছে। তিনি হঠাৎ তার আলোচনা থামিয়ে নাচতে আরম্ভ করলেন। অমনি আবার সবাই তাকে ঘিরে ধরল। তিনি নাচ থামিয়ে বললেন, ‘বুরবকের দল! ভালো কথায় আগ্রহ নেই, ভাঁড়ামিতে ঠিকই আগ্রহ!’ (কয়েক হাজার বছর পরও এখনকার বাংলাদেশে কি এ অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? ফেসবুকে আপনি যতই জ্ঞান গর্ভ, ভালো পোস্টই দেন না কেন কয়টি লাইক, কমেন্ট পাবেন, আর খেমটি নাচনেওয়ালাদের লাইক কত হাজার হয়?)
দুই.
দিনের বেলা তিনি লণ্ঠন হাতে বাজারে উপস্থিত হলেন। দিনের বেলা বুড়োর হাতে জ্বালানো লণ্ঠন দেখে সবাই বেশ আমোদ পেল। তারা তাকে জিজ্ঞেস করলেন, ‘এই ভরদুপুরে লণ্ঠন হাতে কোথায় চললেন?’ ডায়োজিনিস বললেন, ‘আমি আসলে মানুষ খুঁজছি। গ্রিসের কোথায় মানুষ পাওয়া যাবে, কেউ বলতে পারবে?’ (আমাদের দেশে এই ২১ শতকেও হারিকেন দিয়ে কতজন মানুষ খুঁজে পাবেন?)
You must be logged in to post a comment.