ঝিনাইদহ-৪ বিএনপির প্রার্থী ফিরোজের সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১:৩২ পূর্বাহ্ন
সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ....

স্টাফ রিপোর্টার ।।  

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ সংবাদ সম্মেলন করেছেন। সোমবার ২৪ ডিসেম্বর’১৮ বিকালে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কের নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আপনাদের সাথে এই সংবাদ সম্মেলন যখন আহ্বান করছি তখন খুবই একটা কঠিন সময়ে।

তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখে প্রহসনের নির্বাচন করা হচ্ছে। আপনারা জানেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে আমি ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সারাদেশের ন্যায় এখানেও ভোটের কোনো পরিবেশ নেই। প্রতিনিয়ত আমার কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। যারা ধানের শীষের পক্ষে ভোট চাইতে মাঠে নামছে তাদেরকে পুলিশ দিয়ে ধরে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হচ্ছে। নির্বাচনী এলাকার কোথাও পোস্টার মারতে দেয়া হচ্ছে না।

গ্রামাঞ্চলে ২/৪ স্থানে যে পোস্টার ঝুলানো হয়েছিল তা সবই ছিড়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ধানের শীষে ভোট চাওয়ার অপরাধে অনেক কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। প্রতিদিনই চলছে হামলা-মামলা ও অগ্নিসংযোগের ঘটনা। আজও ধানের শীষের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে।

বর্তমানে শুরু হয়েছে নিজেদের অফিসে আগুন দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের নামে মামলা দেয়া। তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, গত ১৩ ডিসেম্বর’১৮ বৃহস্পতিবার মালিয়াট ইউনিয়নের ভিটেখোলা বাজারে আমাদের প্রচার মাইক বন্ধ করে ফেরত পাঠায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।

গত ১৪ ডিসেম্বর’১৮ শুক্রবার কোলা বাজারের মন্টু নামে এক স্যালো ইঞ্জিতচালিত স্ট্যাটার ধানের শীষের প্রচার মাইক ফেরত পাঠায়।

একই ঘটনা ত্রিলোচনপুর, কালুখালী, শ্রীরামপুর, বসুন্দিয়া, সাকো বাজার, বেলেডাঙ্গা বাজার, লাউতলা, মহারাজপুর, তালেশ্বর বাজার, পারশ্রীরামপুর, গোবরডাংগা, সিংগী বাজার, বারোবাজার, শাহপুর, হেলাই, চাপরাইল, বিষয়খালী, হরিপুর, কাশীপুর, ছালাভরা, চাপরাইল ও রায়গ্রামে এসব এলাকায় প্রচার মাইক ভাংচুর, ইজিবাইক চালককে মারধর, মোবাইল সেটসহ টাকা পয়সা কেড়ে নেয়া, বিএনপি নেতাকর্মীদের মারধর, বাড়িঘর ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া গত গত ২২ ডিসেম্বর’১৮ শনিবার রাতে কাষ্টভাংগা গ্রামে আওয়ামীলীগ নিজেরা নিজেদের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে গত রবিবার রাতে বিএনপির নেতাকর্মীদের নামে দুটি মামলা করেছে।

একই দিনে বিষয়খালী বাজার থেকে আওয়ামীলীগের জনির নেতৃত্বে শাবান, দরবেশ ও হাফিজুর বিএনপির প্রচারে ব্যবহৃত ইজিবাইক চালক সাইফুলকে মারধর করে মাইক ভাঙচুর এবং ১টি মোবাইল সেট, ২শ’ টাকা ছিনিয়ে নেয়। এরপর দুলাল মুন্দিয়া বাজারে ইজিবাইক, প্রচার মাইক ভাঙচুর ও ২ টি মোবাইল সেট কেড়ে নেয়।

এ ধরনের ঘটনা তারা প্রতিনিয়ত ঘটাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণর পর থেকেই স্থানীয় থানা পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে চলেছে।

গভীর রাতে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান। ক্ষমতাসিন আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট না হতেও বিএনপির নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি গত কয়েকদিন হামলার ঘটনাগুলো তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, সাংগঠনিক সম্পাদক ডাক্তার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইলিয়াছ রহমান মিঠুসহ শতাধিক নেতাকর্মী, ঝিনাইদহ-কালীগঞ্জের বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ