ঝিনাইদহে ৩০টি পরিবার ভিটেছাড়া !

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৩ অপরাহ্ন
আওয়ামী লীগের এমপি গ্রুপের হামলার ভয়ে একই দল সমর্থক ৩০টি পরিবার ঘর ছাড়া হয়েছে। তারা ভয়ে গ্রামে আসতে পারছে না.....

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।

আওয়ামী লীগের এমপি গ্রুপের হামলার ভয়ে একই দল সমর্থক ৩০টি পরিবার ঘর ছাড়া হয়েছে। তারা ভয়ে গ্রামে আসতে পারছে না। বাড়ির নারী সদস্যরা সর্বক্ষণ আতঙ্কে পুরুষশুন্য বাড়িতে রয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাগুটিয়া গ্রামে।

এলাকাবাসীর অভিযোগ, নলডাঙ্গা ইউনিয়নটি সদর উপজেলার মধ্যে হলেও সংসদীয় আসন ঝিনাইদহ-৪ এর মধ্যে। দীর্ঘদিন যাবত বাগুটিয়া গ্রামে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও একই দলের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে দলীয় কোন্দল চলে আসছে।

ঝিনাইদহ-৪ আসনে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার দলীয় মনোনয়ন পাওয়ায় ঐ গ্রামের মাতব্বর চাঁদ আলী প্রতিপক্ষ মান্নানের সমর্থকদের হুমকি দেয়া শুরু করে। হামলার ভয়ে গ্রামের মোবাশ্বের হোসেন, আবুল কাশেম, মখলেছুর রহমান, আবু তালেব, হাকিম বিশ্বাস, কোবাদ আলী, বাবু লস্কর, মোফাজ্জেল হোসেন, আবু মুসা, মাহাতাব হোসেন, নুরুল ইসলাম, সমির উদ্দিন, পান্নু হোসেনসহ ৩০টি পরিবারের পুরুষ বর্তমানে বাড়িছাড়া। হামলা ও মারধরের ভয়ে পরিবারের পুরুষ সদস্যরা বিভিন্ন গ্রামে ও আত্মীয়দের বাড়িতে অবস্থান করছে। আর ভয়ে দিন কাটাচ্ছে পরিবারের নারী সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায় পুরুষ সদস্য না থাকায় পরিবারের নারী সদস্যরা ধান মাড়াই করছেন। মোবাশ্বের হোসেনের মেয়ে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী পলি খাতুন জানান, মারধরের ভয়ে তার পিতা বাড়ি ছাড়া। মাঠের ধান কেটে এনে তিনি ও তার মা কহিনুর বেগম মাড়াই করছেন।

কাশেমের স্ত্রী শুকুরোন নেছা জানান, ৭ দিন আগে রাত ১১টায় চাঁদ আলী, জাফরসহ ১০/১২ জন লোক বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। তারা আমার স্বামীকে আনার গ্রুপ করতে বলে। সেই ভয়ে স্বামী পলাতক রয়েছে।

স্থানীয় ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ২৭ বছর ধরে আওয়ামী লীগ দল করছি। মান্নান গ্রুপের সমর্থক হওয়ায় আমার ও আমার সমর্থকদের মারধর ও বাড়ি ছাড়া করা হয়েছে। এতে সংসদ নির্বাচনে এ গ্রাম থেকে আওয়ামী লীগের জয় পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে।

তবে অভিযুক্ত চাঁদ আলী বলেন, তেমন কিছু বলা হয়নি। তারা নিজেরাই ভয়ে বাড়ি ছেড়েছে। তারা বাড়িতে আসলেও কোন সমস্যা নেই না আসলেও কোন সমস্যা নেই। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বলে জানান চাঁদ আলী।

এ ব্যাপারে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, শুধু বাগুটিয়া নয় অনেক গ্রামের প্রায় দেড়শ মানুষ বাড়ি ছাড়া। তারা ঘরে ফিরতে পারছে না। তিনি বলেন, এ সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ না নিলে সমস্যা আরো জটিল হতে পারে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ