একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ঝিনাইদহের কৃষকদের কপালে চিন্তার ভাজ উঠেছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে তারা অসহায় হয়ে পড়েছেন। বছরজুড়েই চলছে দুর্যোগ। ঠিকমতো কোনো ফসল ঘরে তুলতে পারছেন না।
এদিকে, গতকাল রোববার সন্ধ্যার দিকে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। প্রতিবছর জেলায় এসময় কলা, ছোলা মসুরি, পান, পেঁয়াজ, রসুন, ধান, ভুট্টা, শসাসহ নানা ফসলের আবাদ হয়।
শুক্রবার অসময়ের ঝড়ে ও শিলাবৃষ্টিতে ক্ষতির রেশ কাটতে না কাটতে রোববার আবারো শিলাবৃষ্টির খড়গ নেমে আসে। এতে দিশাহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। তাঁরা বলছেন, শীতের শেষ মৌসুমে এমন শিলাবৃষ্টি কখনো দেখেননি।
রোববার সদর উপজেলার ডাকবাংলা, বংকিরা, বাজার গোপালপুর, পোতাহাটি, সাধুহাটিসহ জেলা সদরের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। বড় বড় শিলা খণ্ডের আঘাতে খেতের কলা, ধান, পান, আলু, পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা, আম, লিচু গাছের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজগর আলী বলেন, ক্ষণস্থায়ী শিলাবৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলু, পেঁয়াজ, কলা, ভুট্টা ও পান বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমের মুকুলের অনেক ক্ষতি হতে পারে।
You must be logged in to post a comment.