ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের জিথড় ভবানীপুর গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। গ্রামের চিহ্নিত কয়েকজন মিলে সরকারের উন্নয়ন কাজকে বাঁধা গ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে।
সরেজমিন জিথড় ভবানীপুর গ্রামের রাজকুমার,মনতোষ এবং গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, ৫০ বছরের অধিক সময় ধরে এই গ্রামটি অবহেলিত। গ্রামবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান গ্রামের মানুষদের সাথে নিয়ে রাস্তাটি নির্মাণ করেন।
এদিকে জোর করে যাদের উঠানের মাঝ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে, সেই মনতোষ মন্ডল বলেন, এখানে মারধর বা জোর করার কোন ঘটনা ঘটেনি। যারা অপপ্রচার করেছে তাদের সাথে আমার দেখা বা কোন কথাও হয়নি। বরং রাস্তা নির্মাণ করায় আমার জন্য ভালো হয়েছে। আগে সাইকেল, ভ্যান নিয়ে আসতে পারতাম না। এখন সহজেই আসতে পারছি।
রাস্তায় জমি দেয়া প্রশান্ত বিশ্বাস, তরুণ কুমার লস্কর ও অনন্ত বসু বলেন, আমাদের দীর্ঘদিনের দাবির জন্য চেয়ারম্যান সকলের মতামতের ভিত্তিতে রাস্তাটি নির্মাণ করেন। আগে আমাদের চলাচলে অনেক অসুবিধা হতো। জিথড় ভবানীপুর গ্রামের গ্রাম্য মাতব্বর সুনিতি বিশ্বাস তিনিও এই রাস্তা নির্মাণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

রাস্তা নির্মাণের সার্বিক বিষয়ে জানতে চাইলে, ফুরসন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক জানান, জিথড় ভবানীপুর গ্রামেই আমার বাড়ি। এই গ্রামটি দীর্ঘদিন ধরে অবহেলিত। গ্রাম বাসীর দাবির প্রেক্ষিতে সকলকে এক সাথে নিয়ে, এমনকি সরকারি আমিন দিয়ে মেপে, পিআইও অফিসের ইঞ্জিনিয়ার এনে ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল অনুযায়ী ফ্ল্যাট সলিং এ রাস্তা করা হয়েছে। যারা এখন এ রাস্তা নির্মাণের বিরোধিতা করছে তারা এলাকার উন্নয়ন চায় না এবং রাস্তা নিয়ে যে সকল অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
You must be logged in to post a comment.