গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপদে মাকে জয়ী করতে দিনরাত পরিশ্রম করেছেন মেয়ে। ফলাফলও এসেছিল নিজেদের পক্ষে।
তবে এবারের পেক্ষাপট ভিন্ন, একই পদে নির্বাচনে মায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মেয়েও। মেয়ের দাবি, মা তাঁকে এবারের নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি না রাখায় তিনি প্রার্থী হয়েছেন। মা বলছেন, অন্যের প্ররোচনায় তাঁর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন মেয়ে।
এই ঘটনা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউপি নির্বাচনে। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর মিলে সংরক্ষিত ওয়ার্ডে সদস্যপদে মা হুরজান বেগম (৬০) আর মেয়ে আজিজা বেগম (৩৮) মনোনয়ন জমা দিয়েছেন। মা-মেয়ের প্রতিদ্বন্দ্বিতায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্বামী পরিত্যক্ত হুরজান ও তার কন্যা আজিজা বেগম নগর-চাপরাইল গ্রামের একই বাড়িতে বসবাস করেন।আজিজা বেগমের বাবা ওয়াজেদ আলী পেশায় একজন কৃষক। ওয়াজেদ আলী জানান, তাঁর বাড়ি চাপরাইল গ্রামে। প্রায় ২৫ বছর আগে স্ত্রী হুরজান বেগমের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। সেই থেকে তাঁরা নগর-চাপরাইল গ্রামে বসবাস করেন। ওয়াজেদ আলী অবশ্য মেয়ের পক্ষেই থাকবেন। তিনি বলেন, মেয়ে তাঁর কাছে না থাকলেও তিনি সব সময় মেয়ের খবর রেখেছেন।
মা হুরজান বেগম বলছেন, তিনি বর্তমান ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন। গত নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। এবারও নির্বাচনে অংশ নিতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর প্রতিপক্ষ আরও তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে তাঁর মেয়ে আজিজা বেগম রয়েছেন।
আজিজা বেগমের ভাষ্য, গতবারের নির্বাচনে তিনি মাকে বিজয়ী করতে প্রাণপণ চেষ্টা করেছিলেন। দিনরাত পরিশ্রম করে ভোট করেছিলেন। কিন্তু নির্বাচনের পর মা সবকিছু ভুলে গিয়েছিলেন। তা ছাড়া মা গত নির্বাচনের সময় বলেছিলেন, এবারের নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। মেয়ে হিসেবে তাঁকে প্রার্থী করবেন, কিন্তু ভোটের সময় তিনি কথা না রেখে নিজেই প্রার্থী হয়েছেন।
কালীগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন রয়েছে। এখানে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (২ নভেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, আর প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোট গ্রহণ করা হবে ২৮ নভেম্বর।
You must be logged in to post a comment.