ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু!

সাইফুল ইসলাম, ঝিনাইদহ
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

ঝিনাইদহের সদর ও শৈলকূপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ আক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতরা হলেন সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) এবং শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ জমিতে কাজ করছিলেন শিমুল বিশ্বাস। বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে হুরমত শেখও সকালে মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, শেখড়া গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ