স্টাফ রিপোর্টার ।।
পল্লী চিকিৎসক আব্দুল বারী ষ্ট্রোকে আক্রান্ত রোগী। এখনো পুরোপুরি সুস্থ নয়। ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় ছিলেন। সবেমাত্র কথা বলতে পারেন। তাও কোন কথা মনে থাকে না। বড় ছেলে শামীমের ভাষ্যমতে তার পিতা নিজের কাপড়টাই ভাল ভাবে পরতে পারেন না। অথচ অসুস্থ আব্দুল বারীকে হলিধানী বাজার থেকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। তিনি হলিধানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। পুলিশের দাবী তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন।
বিষয়টি নিয়ে কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারের সময় মনে হলো তিনি অসুস্থ। কিন্তু আমার করার কিছু ছিল না। থানা থেকে গ্রেফতারের নির্দেশনা আসায় আমি গ্রেফতার করে দ্রুত এএসআই সাদিকের মাধ্যমে ঝিনাইদহে পাঠিয়ে দিই। এদিকে একই দিন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে নাশকতার প্রস্তুতির সময় জামায়াত ও বিএনপির ৫ নেতাকর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নেতারা হলেন মহারাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সুরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, বাড়ী বাথান গ্রামের খন্দকার আব্দুল মান্নান ও লাউদিয়া গ্রামের রজব আলীর ছেলে ইব্রাহিম হোসেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের পাশে নাশকতার প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এমন সংবাদের অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় হাতবোমা, লোহার রড, লাঠি ও জিহাদী বই। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
You must be logged in to post a comment.