ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বারোমাইল নামক স্থানে শিক্ষক দম্পতি নাছিমা খাতুন ও এটিএম শফিকুজ্জামানকে পিটিয়ে আহত করা হয়েছে। শিক্ষিকা নাছিমার গায়ের ওড়না ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং তার স্বামী শফিকুজ্জামান টুলুকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ।
এ ঘটনায় পুলিশ পার্শ্ববর্তী জমির মালিক মোহন খা ও আপন খাকে আটক করেছে। সাধুহাটী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমা খাতুন বাদী হয়ে এ ঘটনায় শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিয়েছেন।
এজাহার উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকালে সাধুহাটী বারোমাইল এলাকায় নিজের জমিতে কাজ করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী পোতাহাটী গ্রামের জয়নাল খার ছেলে মোহন ও আপন খা’র নেতৃত্বে বদর খা ও জয়নাল দেশী অস্ত্রসস্ত্র নিয়ে শিক্ষক দম্পত্তির ওপর হামলা চালায়। এ ঘটনায় তারা দু’জনাই আহত হন। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল গনি শিক্ষক দম্পতি নাছিমা ও তার স্বামী শফিকুজ্জামান টুলুকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে মোহন খা ও আপন খাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ নং সাধুহাটী মৌজার ৬৩২৪ দাগে এই শিক্ষক দম্পতি ৯ শতক জমি কেনেন। জমিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে হওয়ায় পোতাহাটী গ্রামের জয়নাল ও বদর খার নজর পড়ে। তারা এই জমি দখলের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়।
নাছিমা আইনি সমাধানের এ বিষয়ে জন্য ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন, যার পিটিশন নং ৫২৭/২১। আদালতের বিচারক সালমা সেলিম কাগজপত্র যাচাই করে শিক্ষক দম্পতির পক্ষে রায় দেন এবং জমিতে কাজ করার নির্দেশনা জারি করেন।
আদালতের নির্দেশে মামলা চলকালীন সময়ে জমির দখল স্বত্ব ও ম্যাপ তৈরি করেন ঝিনাইদহ এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম। আদালতের নির্দেশনা পেয়ে ঝিনাইদহ সদর থানার এসআই মখলেছুর রহমান বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে ডেকে জয়নাল ও বদর খার সন্তানদের জমির ওপর না যেতে নির্দেশ দেন।
পরে আদালত ও পুলিশের নির্দেশনা পেয়ে শিক্ষক দম্পতি শুক্রবার সকালে নিজ জমিতে কাজ করতে গেলে হামলার শিকার হন।
এদিকে জমির হাল রেকর্ড, দখল, দলিল ও আরএস খতিয়ান সন্দেহাতীতভাবে শিক্ষক দম্পত্তির পক্ষে থাকলেও পোতাহাটী গ্রামের জয়নাল ও বদর খা জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষক নাছিমা বেগম।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, এ বিষয়ে শিক্ষক নাছিমা খাতুন সদর থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।
You must be logged in to post a comment.