শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
সামান্য টিভি চুরির অপবাদ দিয়ে হরিণাকুন্ডু উপজেলার ধুলে শ্রীপুর গ্রামে রানা (২৭) নামে এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে নিার্যাতন করছেন শাহীনুর রহমান তুহিন নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা।
ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কিছু যুবকের সহায়তায় রানাকে একটি কাঁঠাল গাছে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে মারছেন এবং টিভি চুরি করেছে কিনা স্বীকারোক্তি আদায় করছেন।
এ সময় যুবকটি হাউমাও করে কাঁদছেন। নির্যাতনের ফলে যুবকটি অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৮ ডিসেম্বর। তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি মনজের আলী জানান, গত ২৮ ডিসেম্বর দুপুরে মাঠে কাজ করছিল রানা।
এ সময় শাহিনুর রহমান তুহিন টেলিভিশন চুরির অভিযোগে রানাকে ধরে নিয়ে আসে। এরপর গ্রামের একটি গাছে ঝুলিয়ে অমানবিকভাবে পিটিয়ে নির্যাতন করে। নির্যাতনের পর পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়ার একটি হাসপাতালে ভর্তি করে। রানার পিতা ওমর আলী জানান, আমার ছেলে কোন চুরির সাথে জড়িত না। তাকে অন্যায় ভাবে মারা হয়েছে।
এই নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে পুলিশ শুক্রবার (৪ জানুয়ারী ২০১৯) রাতে একটি মামলা রেকর্ড করে। রানার বৃদ্ধ পিতা ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ মামলা হওয়ার পর রাতেই নির্যাতনকারী শাহীনুর রহমান তুহিন ও ধুলিয়া গ্রামের আতিয়ার কাজীর ছেলে বাবুল কাজীকে শুক্রবার মধ্যরাতে গ্রেফতার করে। হরিণাকুন্ডু থানা পুলিশের এসআই ও মামলার আইও গোলাম সারোয়ার জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। আশা করা যায় দ্রুত সফলকাম হবো। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, চুরির অপবাদ দিয়ে এভাবে নির্যাতন করা অন্যায় ও অমানবিক। তিনি বলেন পুলিশ সুপারের নির্দেশে এ ঘটনায় শুক্রবার রাতে ৪ জনের নামে মামলা হয়েছে, যার নং ০৩। প্রধান অভিযুক্ত তুহিনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
You must be logged in to post a comment.