ঝিনাইদহের শৈলকুপায় ঐহিত্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ৯:২৮ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
বিষধর সাপকে বসে আনা মানুষের কাছে চিরকালই আকর্ষণীয়। তারপরোও যদি একের পর এক প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশল তাহলে তো কথাই নেই। এমনই এক ঝাপান খেলা অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহ শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে। শনিবার বিকেলে সাধুখালী বাজারে এ ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে আশাপাশ এলাকা থেকে ছুটে আসে হাজারো উৎসুক জনতা। খেলাকে ঘিরে ওই এলাকা পরিণত হয়েছিল উৎসবে। বাদ্যের তালে তালে আর বাশির সুরে একে একে ঝুড়ি ও হাড়ি থেকে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ। মনসা মঙ্গলের পালা গানসহ বিভিন্ন গানের সাথে বাদ্যের তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সাথে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। সাপুড়ের ইশারায় সাপের এই অঙ্গ ভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় অনাবিল আনন্দ।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বৃদ্ধ, নারী-পুরুষ, শিশুরা উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এই খেলা। আর খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ৬ সাপুড়ে দলের অর্ধ শতাধিক সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত। আর এই দুর্লভ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা। অনেকে জীবনে প্রথম আবার অনেকে অনেক দিন পর দেখছেন এ খেলা। এই ঝাপান খেলা দেখে খুবই আনন্দিত দর্শক। তাই প্রতিনিয়ত এ ধরনের আয়োজন করার দাবি তাদের। আর সাপুড়েরা জানান, মানুষকে আনন্দ দেওয়াই মূল উদ্দেশ্যে। দিনভর এ খেলায় সকলকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর এলাকার বিখ্যাত সাপুড়ে শফি ও তার দল।  দ্বিতীয় স্থান অধিকার করে শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চাঁদপুর গ্রামের খোকনের দল ও তৃতীয় স্থান অধিকার করে একই এলাকার লিটন।
স্থানীয় মাতব্বর জামাল মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কামান্ডার গোলাম রইচ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজুর রহমান, রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত আইসি এএসআই আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ বলেন, চিরায়ত বাংলার ঐহিত্যবাহী এ খেলা ধরে রাখতেই এই আয়োজন। মানুষকে নিবিড় আনন্দ দেওয়ার মধ্যে থাকে নিজেদের আনন্দ পাওয়া। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ