ঝিনাইদহের প্রয়াত কৃষকনেতা মণিপীরের মৃত্যুবার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৮ অপরাহ্ন
কৃষকনেতা মণিপীর সাম্রাজ্যবাদ ও তার দালালদের উচ্ছেদ করে কৃষি বিপ্লব তথা জাতীয় গণতান্ত্রিকবিপ্লবকে অগ্রসর করতে যেভাবে আমৃত্যু সংগ্রাম করেছেন তা থেকে শিক্ষা নিয়ে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান....

এইচ আর হাসু, ঝিনাইদহ প্রতিনিধি ।। 

প্রয়াত কৃষক নেতা মাহমুদুল হক মণিপীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৭ ডিসেম্বর’১৮ সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা গোপালপুরস্থ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অন্যতম নেতা সাখাওয়াত হোসেন। সাধারণ সম্পাদক শাহজাহান কবির কৃষকনেতা মণিপীরের কর্মময় সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে তা থেকে শিক্ষা নিয়ে কৃষক ও কৃষির সমস্যা সমাধানে সর্বস্তরের কৃষক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সকল কৃষি উপকরণের ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করতে আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, কৃষি জমি ধ্বংস রোধ, খাস জমি ভূমিহীন গরীব কৃষকদের মাঝে বণ্টনসহ ৭ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এর ওপর বিদ্যুতের মূল্য বৃদ্ধি উৎপাদন খরচকে আরো বৃদ্ধি করে কৃষককে আরো বিপর্যস্ত করা হচ্ছে।

সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, কৃষকনেতা মণিপীর সাম্রাজ্যবাদ ও তার দালালদের উচ্ছেদ করে কৃষি বিপ্লব তথা জাতীয় গণতান্ত্রিকবিপ্লবকে অগ্রসর করতে যেভাবে আমৃত্যু সংগ্রাম করেছেন তা থেকে শিক্ষা নিয়ে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ